বিনোদন

ঝড় তুলেছে ‘অমর প্রেম’

  প্রতিনিধি ৩০ জুলাই ২০২৬ , ২:১২:২০ প্রিন্ট সংস্করণ

জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী ও পার্থ শেখের প্রেম- সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা পাচ্ছে। যারা এই জুটির প্রেম দেখেছেন তারা মুগ্ধ হয়েছেন। তাদের এই ‘অমর প্রেম’ শোবিজের জনপ্রিয় তারকাদেরও চোখে পড়েছে।

বাস্তবে নয়, এই জুটি প্রেম করছেন পর্দায়। এরই মধ্যে তাদের ‘অমর প্রেম’ নাটকটি সবার মধ্যে সাড়া ফেলেছে। জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে পোস্ট করেছেন।

ফেসবুকে পার্থ শেখের একটি ছবি শেয়ার করে অভিনেতা লিখেছেন, ‘পর্দা খুঁজে পেল আরও একজন তারকাকে। অভিনন্দন, ছোট ভাই! তোমার জন্য রইল অফুরন্ত সাফল্য, ভালোবাসা আর প্রাপ্য সব করতালি।’

একইভাবে পার্থকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা ফারহান আহমেদ জোভান। নতুন এই জুটিকে শুভকামনা জানিয়েছেন কয়েকজন নির্মাতাও। এই তালিকায় আছেন ইমরাউল রাফাত, জাকারিয়া সৌখিন, রাফাত মজুমদার রিংকু, ইমরোজ শাওন, হাসিব হোসেন রাখি, রিফাত আদনান প্রত্যয়, মাসরিকুল আলম, ফারুক আহমেদ রেহান, সেলিম রেজা, আরমান আহমেদ প্রত্যয় ও এস আর মজুমদার প্রমুখ।

এদিকে, সাত মাস পর কাজে ফিরেছেন পার্থ শেখ। বিয়ের পর ব্যক্তিগত কারণে অভিনয় থেকে সাময়িক বিরতি নেন তিনি। তবে জাহিদুল ইসলাম সুজন পরিচালিত ‘অমর প্রেম’ নাটকের মধ্যদিয়ে দ্বিতীয় ইনিংসের শুরুতেই বাজিমাত করেছেন অভিনেতা।

সিএমভি প্রযোজিত নাটকটি ইউটিউবে উন্মুক্ত করা হয় গেল ২৬ জুলাই। মাত্র দিনে ইউটিউবে এটির ভিউ ৫৫ লাখেরও বেশি (রিপোর্টটি লেখা পর্যন্ত)।

তটিনী-পার্থ জুটির পাশাপাশি এতে আরও অভিনয় করেছেন দিলারা জামান, শতাব্দী ওয়াদুদ, লুৎফর রহমান জর্জ, রাশেদ মামুন অপু প্রমুখ। এতে শাহরিয়ার মার্সেলের সুর-সংগীতে দুটি গানে কণ্ঠ দিয়েছেন কনা ও রেহান রাসূল। গানের কথা লিখেছেন লুৎফর হাসান ও মাহবুব রহমান।

আরও খবর

Sponsered content