বিনোদন প্রতিবেদক: ২৮ আগস্ট ২০২৫ , ১০:৩৮:৩৩ প্রিন্ট সংস্করণ
আগামী ২৯ আগস্ট, শুক্রবার রাত ৯টা ৩০ মিনিটে এনটিভির পর্দায় প্রচার হবে একক নাটক ‘কেউ তো জানে’। নাটকটির রচনা করেছেন পাভেল ইসলাম এবং পরিচালনা করেছেন কাজী সাঈফ আহমেদ।
অভিনয়ে আছেন— পাভেল ইসলাম, মাইমুনা ফেরদৌস মম, মানসী প্রকৃতি, সালমান রাফি, বাদল শহীদ, সুলতানা লীনা, কামরুজ্জামান সবুজ প্রমুখ।
নাটকের কাহিনীতে দেখা যাবে— কামরুল এলাকার প্রভাবশালী ব্যবসায়ী। ঘরে তার সুন্দরী স্ত্রী রেহানা। বিয়ের সাত বছর পরও তাদের দাম্পত্য জীবনে সন্তান নেই। এ নিয়ে ভেতরে ভেতরে দুঃখে থাকলেও মুখে কিছু প্রকাশ করে না কামরুল। অপরদিকে রেহানা নিজেকেই এই অভাবের জন্য দায়ী মনে করে।
কামরুলের ব্যবসা দেখাশোনায় সহায়তা করে রাজু, যে ছোটবেলা থেকেই এই বাড়িতে মানুষ। কামরুল তাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করে, আর পড়াশোনার পাশাপাশি রাজু গোপনে প্রেমের সম্পর্ক গড়ে তোলে একই গ্রামের সুমীর সঙ্গে।
এদিকে গ্রামে ধীরে ধীরে কানাঘুষা বাড়তে থাকে— এত সম্পদ থাকলেও যদি উত্তরসূরি না থাকে তবে সব সম্পত্তি যাবে কোথায়? বন্ধুবান্ধব কামরুলকে দ্বিতীয় বিয়ের পরামর্শ দেয়। প্রথমে পাত্তা না দিলেও একসময় কামরুল বিষয়টি ভেবে দেখতে শুরু করে। ঠিক তখনই তার এক বন্ধু সুমীর প্রসঙ্গ তোলে এবং বিয়ের প্রস্তাব যায় সুমীর বাবার কাছে। অভাবী বাবা এটিকে সৌভাগ্যের বিষয় ভেবে রাজি হয়ে যান। কিন্তু হঠাৎ এ সিদ্ধান্তে সুমীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে— রাজুর সঙ্গে তার সম্পর্ক তখন গভীর সংকটে পড়তে শুরু করে।















