সারাদেশ

বিরামপুরে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  দিনাজপুর প্রতিনিধি: ২১ জুলাই ২০২৬ , ১২:৩২:৪১ প্রিন্ট সংস্করণ

 

দিনাজপুরের বিরামপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আয়োজিত গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএসভিত্তিক) প্রকল্পের আওতায় সড়ক নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার নির্ধারণ ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা প্রকৌশলী মো. আতাউর রহমান।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তানজিনা খাতুন। এছাড়া বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কমল কৃষ্ণ রায়, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সরকার, মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জোতবানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক এবং উপসহকারী প্রকৌশলী মো. সুরুজ্জামান।

কর্মশালায় আলোচক হিসেবে মূল বিষয় উপস্থাপন করেন বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের জিআইএস স্পেশালিস্ট প্রকৌশলী ফাহিম শাহরিয়ার।

আলোচনায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (সিআরএন) এর আওতায় উপজেলা, ইউনিয়ন ও গ্রামীণ সড়কের বিদ্যমান তথ্য, অগ্রাধিকার নির্ধারণ এবং মাঠপর্যায়ের তথ্য যাচাইয়ের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

বক্তারা বলেন, জিআইএসভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান বাস্তবায়নের মাধ্যমে সড়ক উন্নয়ন পরিকল্পনা আরও কার্যকর, তথ্যনির্ভর ও সময়োপযোগী হবে। এতে ভবিষ্যতে উন্নয়ন প্রকল্প গ্রহণ এবং গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কর্মশালায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

আরও খবর

Sponsered content