সারাদেশ

লাইসেন্স ছাড়া হোটেল পরিচালনা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, ৫০ হাজার টাকা জরিমানা

  প্রতিনিধি ৩ আগস্ট ২০২৬ , ১১:০০:২২ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে লাইসেন্স ছাড়াই হোটেল পরিচালনা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের অভিযোগে একটি হোটেলকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলার ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক তারেক। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে হোটেলটিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় দেখা যায়, প্রতিষ্ঠানটি হোটেল ও রেস্তোরাঁ আইন অনুযায়ী প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছিল। এছাড়া হোটেলের রান্নাঘরের পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর ছিল এবং পরিবেশনের জন্য প্রস্তুত রাখা খাবারে মাছির উপস্থিতি লক্ষ্য করা যায়, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

এসব অনিয়মের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট আইনের আওতায় হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। ভোক্তা অধিকার সংক্রান্ত আইনে হোটেল ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক তারেক বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রশাসন নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করছে। লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা কিংবা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিক্রির বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং খাদ্যের মান নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক উপস্থিত থেকে স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন দিক পর্যালোচনা করেন। প্রশাসনের পক্ষ থেকে হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীদের প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ, স্বাস্থ্যবিধি মেনে খাদ্য প্রস্তুত এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানানো হয়েছে।

আরও খবর

Sponsered content