বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: ২৬ জুলাই ২০২৬ , ১:৪৫:৩২ প্রিন্ট সংস্করণ
রংপুরের বদরগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহের বানু (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
রোববার (২৬ জুলাই) সকালে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মৌয়াগাছ সরকারপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহের বানু ওই গ্রামের মোবারক হোসেনের স্ত্রী।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নতুন নির্মিত ঘরের দেয়ালে মোটরের মাধ্যমে পানি দেওয়ার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন শাহের বানু। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে দ্রুত বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নূরে আশরাফ ছিদ্দিক জানান, হাসপাতালে আনার আগেই শাহের বানুর মৃত্যু হয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
বদরগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নুরুল আমিন সরকার জানান, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যের উপস্থিতিতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।





















