মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ১২ সেপ্টেম্বর ২০২৬ , ৬:৪৯:১৬ প্রিন্ট সংস্করণ
ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইলের মধুপুরে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে মধুপুর উপজেলা পরিষদের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং জনসাধারণকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দীন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়। বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে। ডেঙ্গুর বিস্তার রোধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান তারা।





















