প্রতিনিধি ২৬ জুলাই ২০২৬ , ১:০১:৩৯ প্রিন্ট সংস্করণ
জার্মানির রাজধানী বার্লিনে‘ক্রিস্টোফার স্ট্রিট ডে (সিএসডি)’ উৎসব শেষে উপস্থিত জনতার ওপর একটি গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনায় অন্তত একজন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর এবং তিনজন জীবনসংকটে রয়েছেন। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
শনিবার রাত স্থানীয় সময় প্রায় ১০টার দিকে বার্লিনের ব্রান্ডেনবার্গ গেটের কাছে টিয়ারগার্টেন পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, একটি সাদা রঙের গাড়ি হঠাৎ করে জনতার মধ্যে ঢুকে পড়ে। পরে সেটি একটি গাছে ধাক্কা খেয়ে থেমে যায়।
পুলিশ জানিয়েছে, গাড়িটি থামার পর সেটি ফাঁকা অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। তাকে ধরতে ব্যাপক অভিযান চলছে।
বার্লিন পুলিশের এক মুখপাত্র বলেন, সর্বশেষ তথ্য অনুযায়ী, সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে এবং তিনি বার্লিনের ইসলামপন্থী চক্রের পরিচিত সদস্য। তবে এখনো তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
জার্মানির জনপ্রিয় সংবাদমাধ্যম বিল্ড-এর বরাতে জানা গেছে, এক প্রত্যক্ষদর্শী দাবি করেছেন, একটি ভ্যান থেকে একজন ব্যক্তি নেমে পায়ে হেঁটে পালিয়ে যান।
ঘটনার সময় বার্লিনে ইউরোপের অন্যতম বৃহৎ উৎসব ‘ক্রিস্টোফার স্ট্রিট ডে’-তে অংশ নিতে কয়েক লাখ মানুষ জড়ো হয়েছিলেন। শান্তিপূর্ণভাবে চলা অনুষ্ঠানটি হামলার পরপরই বন্ধ করে দেওয়া হয়। ঘটনাস্থলে দ্রুত বিপুলসংখ্যক পুলিশ, দমকল ও জরুরি সেবাকর্মী মোতায়েন করা হয়।
ক্রিস্টোফার স্ট্রিট ডে মূলত ১৯৬৯ সালের যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের স্টোনওয়াল বিদ্রোহের স্মরণে আয়োজন করা হয়। ১৯৭৯ সালে পশ্চিম বার্লিনে প্রথমবারের মতো এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সময়ের সঙ্গে এটি জার্মানির অন্যতম বড় সাংস্কৃতিক ও রাজনৈতিক আয়োজন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সমতা, অন্তর্ভুক্তি এবং বৈষম্যবিরোধী দাবির পাশাপাশি এই আয়োজনকে ঘিরে শহরজুড়ে নানা রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সাম্প্রতিক বছরগুলোতে জার্মানিতে জনসমাগমে গাড়ি তুলে হামলার একাধিক ঘটনা ঘটেছে। চলতি বছরের মে মাসে পূর্বাঞ্চলীয় শহর লাইপজিগে মানসিক সমস্যায় ভোগা বলে সন্দেহভাজন এক ব্যক্তি গাড়ি নিয়ে পথচারীদের ওপর উঠে গেলে দুজন নিহত এবং তিনজন গুরুতর আহত হন।
এর আগে গত বছর পশ্চিমাঞ্চলীয় শহর মানহাইমে মানসিকভাবে অসুস্থ বলে বর্ণিত ৪০ বছর বয়সী এক ব্যক্তি পথচারীদের ওপর গাড়ি তুলে দিলে দুজন নিহত হন। একই বছরের শুরুর দিকে মিউনিখে একটি শ্রমিক সমাবেশে আফগান বংশোদ্ভূত এক সন্দেহভাজনের গাড়ি হামলায় দুজন নিহত এবং শিশুসহ ৪০ জনের বেশি আহত হন।















