প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২৬ , ৯:৩৮:১৯ প্রিন্ট সংস্করণ
ব্যবসায়িক উৎকর্ষ, অসাধারণ নেতৃত্ব ও কৌশলী দূরদর্শিতার জন্য দুটি আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হয়েছেন ইলেক্ট্রো মার্ট গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. নুরুল আফছার। সম্প্রতি যুক্তরাজ্যের লন্ডনের মিলেনিয়াম গ্লুস্টার হোটেলে অনুষ্ঠিত ‘চতুর্থ কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৬’-এ তাঁকে “কমনওয়েলথ টপ ১০০ সিইও অ্যাওয়ার্ড ২০২৬” এবং “কমনওয়েলথ কর্পোরেট লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬” প্রদান করা হয়।
লন্ডনের মেয়র এবং লেসোথোর হাই কমিশনার মোসুয়ে লেতুমা সহ উচ্চপদস্থ কর্মকর্তারা মো. নুরুল আফছারের হাতে এই সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন। কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশের ব্যবসায়ী নেতা, উদ্যোক্তা, বিনিয়োগকারী ও কূটনীতিকদের উপস্থিতিতে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানটি দেশের ইলেকট্রনিক্স খাতের জন্যও এক বড় অর্জন।
৩৩ বছরের দীর্ঘ কর্মজীবনে মো. নুরুল আফছার তাঁর উদ্ভাবনী বিপণন কৌশল, নিয়মিত বাজার গবেষণা এবং গ্রী (Gree) ও কনকা (Konka)-র মতো বিশ্বমানের ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনে বাংলাদেশে কারখানা স্থাপনের মাধ্যমে শিল্পখাতে যুগান্তকারী অবদান রেখেছেন। তাঁর নেতৃত্বেই ইলেক্ট্রো মার্ট গ্রুপ দেশের অন্যতম শীর্ষ ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
এই অর্জনে অভিনন্দন জানিয়ে ইলেক্ট্রো মার্ট গ্রুপের চেয়ারম্যান বলেন, “নুরুল আফছারের উদ্ভাবনী নেতৃত্ব ও কাজের প্রতি নিষ্ঠাই প্রতিষ্ঠানকে এই উচ্চতায় নিয়ে এসেছে।” আন্তর্জাতিক এই স্বীকৃতি পেয়ে আনন্দ প্রকাশ করে মো. নুরুল আফছার জানান, বিশ্বমঞ্চের এই সম্মাননা দেশের ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতকে আরও এগিয়ে নিয়ে যেতে এবং আগামীতে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে অনুপ্রাণিত করবে।





















