প্রতিনিধি ১০ সেপ্টেম্বর ২০২৬ , ১২:৪১:৩৯ প্রিন্ট সংস্করণ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ অক্টোবর এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন (ইসি) ভবনে ইসি সচিব আখতার আহমেদ এ তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার শেষ দিন ২৭ সেপ্টেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২৯ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর।
প্রতীক বরাদ্দ ৮ অক্টোবর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর। ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটিতে ভোটার ছিলেন ৫ লাখ ৭ হাজার ২০৩ জন। এবার ভোটার সংখ্যা ৫ লাখ ১৫ হাজার ৫২৫ জন। ভোটারের সংখ্যা বেড়েছে ৮ হাজার ৩২২ জন।
এই উপনির্বাচনে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন বলেও জানান ইসি সচিব। তিনি আরও বলেন, এ নির্বাচনেও আউট অব কান্ট্রি ভোটিং থাকছে।
গত নির্বাচনে বিদেশ থেকে ঠাকুরগাঁও ১ আসন থেকে নিবন্ধিত হয়েছিলেন ৩৮৬ জন, ৩৩টি দেশ থেকে। তার মধ্যে সবচেয়ে বেশি নিবন্ধিত হয়েছিলেন সৌদি আরব থেকে। ইন কান্ট্রি পোস্টাল ভোটিংয়ে নিবন্ধনের সংখ্যা ছিল ৪ হাজার ৪৫, তার মধ্যে সরকারি চাকরিজীবী ছিল ২ হাজার ৭৩৫।
উল্লেখ্য, গত ২০ আগস্ট জাতীয় সংসদে ভোটের মাধ্যমে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির এ প্রার্থী পরদিন শপথ নিলে আসনটি আনুষ্ঠানিকভাবে শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।





















