সারাদেশ

হিলিতে ভাতিজাদের লাঠির আঘাতে চাচার মৃত্যু

  মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি: ১০ সেপ্টেম্বর ২০২৬ , ১১:২৬:২৫ প্রিন্ট সংস্করণ

দিনাজপুরের হিলিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজাদের লাঠির আঘাতে রফিকুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম খট্টামাধবপাড়া ইউনিয়নের বলরামপুর গ্রামের মৃত অফিল উদ্দিনের ছেলে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, সকালে বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে বসে গল্প করছিলেন রফিকুল ইসলাম। এ সময় তার চাচাতো ভাইয়ের ছেলে তামজিদুল ও জাকিরুল বাড়িতে প্রবেশ করেন। জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে রফিকুলের সঙ্গে তাদের তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে তামজিদুল ও জাকিরুল লাঠি দিয়ে রফিকুলকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে বলেন, সকালে আমার দাদি ও ফুফুদের সঙ্গে বসে বাবা গল্প করছিলেন। এ সময় চাচাতো ভাই তামজিদুল ও জাকিরুল বাড়িতে এসে জমিজমা নিয়ে বাবার সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে তারা বাবাকে মারধর করেন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় অভিযুক্ত দুই ভাতিজা তামজিদুল ও জাকিরুল পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

আরও খবর

Sponsered content