প্রতিনিধি ২২ আগস্ট ২০২৫ , ৮:৪৬:৩১ প্রিন্ট সংস্করণ
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় খড়িবোঝাই ভুটভুটির সঙ্গে সংঘর্ষে মাসুদ রানা (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের পঞ্চমীতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ রানা আত্রাই উপজেলার কুশাতলা শলিয়া গ্রামের আনিছুর রহমানের ছেলে। পেশায় তিনি একজন লাইন টেকনিশিয়ান হিসেবে নাচোল পল্লী বিদ্যুৎ অফিসে কর্মরত ছিলেন। তার স্ত্রী রোজি বর্তমানে গাইবান্ধা জেলার ফুলছড়ি থানায় উপ-পরিদর্শক (এসআই) হিসেবে দায়িত্ব পালন করছেন। স্ত্রীকে নওগাঁ বাসস্ট্যান্ডে গাড়িতে উঠিয়ে কর্মস্থলে ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান মাসুদ রানা। এক ছেলে ও এক মেয়ে রয়েছে তার।
তার অকাল মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে রাতেই মরদেহ হস্তান্তর করা হয়েছে।















