প্রতিনিধি ১০ সেপ্টেম্বর ২০২৬ , ১২:৩৪:৩৯ প্রিন্ট সংস্করণ
২০২৪ সালে গণেশ চতুর্থীর উৎসবের সময় প্রথমবার মা হয়েছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। প্রায় দুই বছর পর আবারও মাতৃত্বের অপেক্ষায় রয়েছেন অভিনেত্রী এমনটাই জানা গেছে।
সম্প্রতি মেয়ে দুয়ার জন্মদিন উপলক্ষে মাতৃত্বকালীন ফটোশুটের বেশ কিছু সাদাকালো ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন দীপিকা। ছবিগুলোতে স্বামী রণবীর সিং ও মেয়ের সঙ্গে দেখা যায় তাকে। মাতৃত্বের বিশেষ মুহূর্তগুলো ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলে।
তবে প্রশংসার পাশাপাশি সামাজিক মাধ্যমে সমালোচনাও শুরু হয়। নেটিজেনদের একাংশ প্রশ্ন তোলে, দীপিকার গর্ভাবস্থা সত্যিই কি স্বাভাবিক, নাকি ছবিতে দেখা বেবি বাম্প কৃত্রিমভাবে তৈরি করা?
এ ধরনের মন্তব্য অবশ্য এবারই প্রথম নয়। ২০২৪ সালে রণবীরের সঙ্গে ভোট দিতে যাওয়ার সময়ও একই প্রশ্নের মুখে পড়েছিলেন দীপিকা। তখন তার পোশাকের নিচে সামান্য স্ফীত পেট দেখা গেলেও অনেকের দাবি ছিল, গর্ভাবস্থার সময় অনুযায়ী বেবি বাম্পটি যথেষ্ট দৃশ্যমান নয়। এবার মাতৃত্বকালীন ফটোশুটে স্পষ্টভাবে বেবি বাম্প দেখা যাওয়ার পরও সেই পুরোনো বিতর্ক আবার সামনে আসে।
তবে এবার বিষয়টি নিয়ে নীরব থাকেননি অভিনেত্রীর এক অনুরাগী। আরশিয়া মুরজানি নামের ওই ভক্ত একটি ভিডিও প্রকাশ করে দীপিকার সমালোচনাকারীদের জবাব দেন। তার বক্তব্য, সব তারকাই মাতৃত্বের মতো ব্যক্তিগত বিষয় নিয়ে মিথ্যা তথ্য দেন না। দীপিকার দ্বিতীয়বার মা হওয়ার খবর নিয়েও অযথা সন্দেহ করা উচিত নয়।
ওই অনুরাগী আরও বলেন, দীপিকা যখন জীবনের এই বিশেষ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, তখন তাকে বিতর্কে না জড়িয়ে নিজের মতো করে মাতৃত্ব উপভোগ করার সুযোগ দেওয়া উচিত।
সবচেয়ে নজরকাড়া বিষয় হলো, অনুরাগীর সেই পোস্টে নিজেই লাইক দিয়ে সমর্থন জানিয়েছেন দীপিকা। সরাসরি কোনো মন্তব্য না করলেও এই লাইককে অনেকেই নিন্দুকদের প্রতি অভিনেত্রীর নীরব জবাব হিসেবেই দেখছেন।





















