শেখ জোবায়ের আল জামান, সাতক্ষীরাঃ ১৪ আগস্ট ২০২৬ , ১০:৩৫:৫৭ প্রিন্ট সংস্করণ
সাতক্ষীরার তালা উপজেলায় একই রাতে পৃথক দুটি বাড়িতে চেতনানাশক স্প্রে করে দুর্ধর্ষ চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
জানা গেছে, তালা সদর ইউনিয়নের ভায়ড়া ও খানপুর গ্রামে একই রাতে এ দুটি চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, দুর্বৃত্তরা চেতনানাশক স্প্রে করে পরিবারের সদস্যদের অচেতন করে ঘরে প্রবেশ করে নগদ টাকা ও মূল্যবান মালামাল নিয়ে গেছে।
ভায়ড়া গ্রামের আবুল হোসেন জোয়াদ্দারের ছেলে আবজাল জোয়াদ্দারের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। আবজাল জোয়াদ্দার জানান, রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। সকালে ঘুম থেকে উঠে দেখতে পান ঘরের দরজা খুলছে না। পরে দরজা খুলে ঘরের ভেতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। এরপরই চুরির বিষয়টি বুঝতে পারেন তারা।
অপরদিকে, খানপুর গ্রামের জাবাক্সে সরদারের ছেলে মহিউদ্দিন সরদারের বাড়িতেও একই ধরনের চুরির ঘটনা ঘটেছে। পরিবারের সদস্য ইলিয়াস সরদার জানান, চোরেরা চেতনানাশক স্প্রে করে পরিবারের সদস্যদের অচেতন করে ঘরে প্রবেশ করে চুরি করেছে বলে তাদের ধারণা।
তবে চুরির ঘটনার পর পরিবারের কয়েকজন সদস্য অসুস্থ থাকায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। পরিবারের সদস্যরা সুস্থ হওয়ার পর ঘরে থাকা নগদ টাকা ও মালামাল যাচাই করে চুরি যাওয়া সম্পদের সঠিক পরিমাণ জানা যাবে বলে জানিয়েছেন তারা।
এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর সিদ্দিক জানান, “এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
একই রাতে পাশাপাশি দুটি বাড়িতে চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা।





















