সারাদেশ

মাধবপুরে মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার ছবি অপসারণে ক্ষোভ

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ২৯ আগস্ট ২০২৬ , ২:১৭:৫০ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া স্মৃতিসৌধসংলগ্ন জগদীশপুরের মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতা—সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মুহাম্মদ মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানের ছবি অপসারণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। অপসারণ করা ছবিগুলো পুনঃস্থাপনের দাবিও জানিয়েছেন তাঁরা।

স্থানীয় মুক্তিযোদ্ধারা জানান, দীর্ঘদিন ধরে সরকারি অনুদানে নির্মিত মুক্তিযোদ্ধা চত্বরে জাতীয় চার নেতার ম্যুরালাকৃতির ছবি স্থাপন করা ছিল। প্রায় এক মাস আগে মাধবপুরের তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাসেমের নির্দেশে ছবিগুলো ‘অপ্রাসঙ্গিক’ আখ্যা দিয়ে অপসারণ করা হয় বলে অভিযোগ তাঁদের।

বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর স্থানীয় মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তৎকালীন ইউএনও বদলি হওয়ার পর বিষয়টি নিয়ে প্রকাশ্যে প্রতিবাদ জানান তাঁরা। মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতারাও এর প্রতিবাদ জানিয়েছেন।

বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ বলেন, “দীর্ঘদিন ধরে সরকারি অনুদানে নির্মিত মুক্তিযোদ্ধা চত্বরে জাতীয় চার নেতার ছবি ছিল। কোনো যথাযথ প্রক্রিয়া ছাড়া ছবিগুলো অপসারণ করা হয়েছে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”

এ ঘটনায় মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. অলিদ মিয়াও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন। তিনি তাঁর পোস্টে জাতীয় চার নেতার ছবি অপসারণের সমালোচনা করে বলেন, স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় যাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, তাঁদের যথাযথ সম্মান দেওয়া উচিত।

এ ব্যাপারে মাধবপুরের বর্তমান ইউএনও মেহেদী হাসানের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

স্থানীয় মুক্তিযোদ্ধাদের দাবি, জাতীয় চার নেতার ছবি অপসারণের বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অপসারিত ছবিগুলো যথাস্থানে পুনঃস্থাপন করা হোক।

আরও খবর

Sponsered content