ঢাকা: ৩ ফেব্রুয়ারি ২০২৬ , ৭:২০:১৭ প্রিন্ট সংস্করণ
রাজধানীতে আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ফলে আগের তুলনায় দিনে গরমের অনুভূতি কিছুটা বেশি হতে পারে। তবে সার্বিকভাবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, এ সময়ে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। ভোর ও সকালের দিকে হালকা ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে সোমবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আজ রাজধানীতে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৮ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
এদিকে, সোমবার রাতে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনাও রয়েছে।




















