প্রতিনিধি ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ৯:৩১:২০ প্রিন্ট সংস্করণ
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে জাতীয় সংসদের হুইপের কণ্ঠস্বর হুবহু নকল করে খুলনার এক জুট ব্যবসায়ীর কাছ থেকে তিন কোটি ৫০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি সুসংগঠিত চক্রান্তকারী চক্র। চাঞ্চল্যকর এই ডিজিটাল জালিয়াতির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—এজাজ আহমেদ রাজা, জাকিয়া সুলতানা, মো. বাবু ও ইমরান। তাঁদের মধ্যে জাকিয়া সুলতানার কাছ থেকে নগদ ১২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে এবং আসামি এজাজ আহমেদ রাজা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কেএমপির গোয়েন্দা শাখার উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ব্যবসায়ী জিএম আজিজুর রহমান ও তাঁর যুক্তরাষ্ট্রপ্রবাসী ভাই জিএম মফিজুর রহমান টিকুকে জুট মিলের পুরানো যন্ত্রাংশ বিক্রির প্রস্তাব দেওয়া হয়। প্রতারক চক্রটি বিদেশি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগের মাধ্যমে এআই প্রযুক্তিতে তৈরি হুইপের নকল কণ্ঠে কথা বলে তাঁদের আস্থা অর্জন করে। পরবর্তীতে ২৯ ও ৩০ জুলাই দুই দফায় খুলনা জুট মিল ও হার্ডবোর্ড মিলের যন্ত্রাংশ ক্রয়ের অগ্রিম বাবদ এজাজ আহমেদ রাজাসহ প্রতিনিধি দলের হাতে নগদ মোট ৩ কোটি ৫০ লাখ টাকা তুলে দেন ওই ব্যবসায়ী।
টাকা লেনদেনের পরও বিভিন্ন বাহানায় দেখা না করায় সন্দেহ দানা বাঁধে। পরবর্তীতে গত ১ সেপ্টেম্বর জাতীয় সংসদের হুইপ খুলনায় এলে ব্যবসায়ী আজিজুর রহমান সরাসরি তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। পুরো বিষয়টি শুনে হুইপ এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান। তখনই ব্যবসায়ী বুঝতে পারেন যে তিনি এআই প্রযুক্তিতে তৈরি নকল কণ্ঠের অভিনব প্রতারণার শিকার হয়েছেন।
এ ঘটনায় গত ১৮ সেপ্টেম্বর ভুক্তভোগী ব্যবসায়ী বাদী হয়ে খুলনা থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা করেন। পরবর্তীতে মামলাটির তদন্তের দায়িত্ব পায় ডিবি।
ডিবির কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া জানান, চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার এবং আত্মসাৎ করা বাকি অর্থ উদ্ধারে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ সংগৃহীত হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।





















