প্রতিনিধি ২ মার্চ ২০২৬ , ২:০২:২৭ প্রিন্ট সংস্করণ
কুয়েতে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। একটি ভিডিওতে দেখা যায়, মার্কিন এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমানটি আগুনে জ্বলতে জ্বলতে মার্কিন আলি আল সালেম ঘাঁটি থেকে প্রায় ছয় মাইল দূরে নিচের দিকে ঘূর্ণায়মান অবস্থায় পড়ে যাচ্ছে।
যুদ্ধবিমানের পাইলট জরুরি প্রক্রিয়ায় বাইরে বের হয়ে নিরাপদে অবতরণ করেছেন বলে ধারণা করা হচ্ছে। পরে স্থানীয়রা তাকে সহায়তা করেন। তবে অস্ত্রব্যবস্থা পরিচালনাকারী কর্মকর্তার অবস্থা এখনো জানা যায়নি।
বিমানটি ইরানের ক্ষেপণাস্ত্রে ভূপাতিত হয়েছে, নাকি মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভুলবশত নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রে আঘাত পেয়েছে, অথবা কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটেছে—এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে রোববার যুদ্ধে প্রথম মার্কিন হতাহতের বিষয়টি নিশ্চিত করা হয়। শনিবার সকাল থেকে শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত তিনজন সেনা নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিহতদের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন। তবে তিনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ যুদ্ধ শেষ হওয়ার আগে আরও হতাহতের আশঙ্কা রয়েছে।
ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির নিহত হওয়ার জেরে হিজবুল্লাহর পাল্টা হামলার পর সোমবার লেবাননে ইসরায়েলের হামলার মধ্য দিয়ে সংঘাত আরও বিস্তৃত হয়েছে।




















