নাজমুল মন্ডল (উত্তরা)ঢাকা: ২৮ নভেম্বর ২০২৫ , ৬:২৪:০৩ প্রিন্ট সংস্করণ
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন কাওলা (আশিয়ান সিটি) এলাকায় দা’ওয়াতে ইসলামী বাংলাদেশ-এর উদ্যোগে আগামী ২৪, ২৫ ও ২৬ ডিসেম্বর তিন দিনব্যাপী সুন্নতে ভরা বার্ষিক ইজতেমা অনুষ্ঠিত হবে। কোরআন ও সুন্নাহর প্রচার-প্রসারের লক্ষ্যে আয়োজিত এ আন্তর্জাতিক, অরাজনৈতিক ও ত্বরিকতপন্থী মহাসম্মেলনকে কেন্দ্র করে ইজতেমা ময়দানে প্রস্তুতিমূলক কার্যক্রম জোরদারভাবে চলছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে প্রস্তুতিমূলক কাজের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য ও আন্তর্জাতিক জিম্মাদার মুহাম্মদ কামাল আত্তারী। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা বোর্ড নিগরান মুফতি জহিরুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য ও ঢাকা বিভাগীয় নিগরান মুহাম্মদ মাহমুদ কাদেরীসহ সংগঠনের দায়িত্বপ্রাপ্ত অন্যান্য নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, প্রায় ১০১ একর এলাকা জুড়ে ইজতেমা ময়দানের প্রস্তুতি চলছে। লক্ষ লক্ষ আশিকে রাসুল (মুসল্লি)-এর উপস্থিতিতে ইজতেমা স্থলে এক পবিত্র ও সুন্নতময় পরিবেশ সৃষ্টি হবে বলে তারা আশা প্রকাশ করেন।
মুসল্লিদের সুবিধার্থে ইজতেমা ময়দানে তৈরি করা হচ্ছে শত শত টয়লেট, ওযুখানা, জেলা ও অঞ্চলভিত্তিক পাকঘরসহ প্রয়োজনীয় অস্থায়ী অবকাঠামো। নিরাপত্তা নিশ্চিত করতে থাকছে পাঁচটি ওয়াচ টাওয়ার এবং স্বেচ্ছাসেবীদের তত্ত্বাবধানে বহুস্তর নিরাপত্তা ব্যবস্থা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা দেশ-বিদেশের মুসলমানদের ইজতেমায় অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, ২৪–২৬ ডিসেম্বরের এ সুন্নতময় ইজতেমাকে সফল ও অর্থবহ করতে সবার উপস্থিতি প্রত্যাশিত।





















