প্রবাসের খবর

সিলেট টিটিসি অধ্যক্ষ নাহিদ নিয়াজের অপসারণ দাবিতে নাগরিক অধিকার পরিষদের প্রতিবাদ সভা

  প্রতিনিধি ২৬ আগস্ট ২০২৫ , ৩:১৯:৩২ প্রিন্ট সংস্করণ


সিলেট সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ মোহাম্মদ শেখ নাহিদ নিয়াজের অপসারণের দাবিতে সিলেট নাগরিক অধিকার পরিষদের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ২৪ আগস্ট (রবিবার) সন্ধ্যায় নগরীর মেন্দিবাগস্থ গার্ডেন টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক তোফায়েল হোসেনের সঞ্চালনায় ও রুহুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিভিন্ন ওয়ার্ডের স্থানীয় অভিভাবক, সাবেক শিক্ষার্থী, ব্যবসায়ী, রাজনৈতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন।

অভিযোগে বলা হয়, টিটিসির বর্তমান অধ্যক্ষ নাহিদ নিয়াজ ও কম্পিউটার ল্যাবের ইনচার্জ ওফর ফারুক দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত। চাকরির আড়ালে তারা অবৈধ পাথর ব্যবসায় যুক্ত হয়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন। এছাড়া টিটিসির গাছ বিক্রির টাকা আত্মসাৎ, শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাৎসহ বিভিন্ন অনিয়মের অভিযোগও তাদের বিরুদ্ধে উত্থাপন করা হয়।

বক্তারা অভিযোগ করেন, অধ্যক্ষ নাহিদ নিয়াজ রাজনৈতিক প্রভাব খাটিয়ে টিটিসিতে টিকে আছেন। কখনও ক্ষমতাসীন দলের নেতাদের, কখনও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাকে খুশি করতে নানা ধরনের ‘তেলবাজি’ করেছেন তিনি। সাম্প্রতিক সময়ে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম যোগদানের পরও টিটিসির পক্ষ থেকে ফুল দিয়ে অভিনন্দন জানানোর ঘটনাকে কেন্দ্র করে নানা সমালোচনা সৃষ্টি হয়েছে।

সভায় বক্তব্য রাখেন মেন্দিবাগ এলাকার প্রবীণ আছকর আলী, লন্ডন প্রবাসী হারুনুর রশিদ, সিলেট ঐক্য পরিষদের সদস্য রাজিব আহমদ, বাংলাদেশ কংগ্রেস পার্টির নেতা রুহুল কবির, সিলেট লেখক পরিষদের সভানেত্রী ছুমাইয়া জান্নাত, সাংবাদিক জয় চক্রবর্তী, ব্যবসায়ী মালেক উদ্দিন, হোটেল শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি বাবুল আহমদ, শাপলা কুড়ি যুব সংঘের সভাপতি জিল্লুর রহমান, বাংলাদেশ গ্রাফিক্স মাল্টিমিডিয়ার সাধারণ সম্পাদক আক্তার হোসেন, সাংবাদিক আর. কে. দাস চয়ন, জাতীয় দৈনিক দৌড় পত্রিকার ব্যুরো প্রধান মাতাব আহমদ, বিএনপি নেতা টিপু তালুকদার, বাংলাদেশ ইমাম পরিষদের সদস্য মাওলানা ফয়সল আহমদ, পল্লি ডাক্তার নজরুল ইসলাম লস্কর, অ্যাডভোকেট মজুমদার আহমদ প্রমুখ।

আরও খবর

Sponsered content