সারাদেশ

জমি নিয়ে বিরোধে খামার ধ্বংসের অভিযোগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা

  দিনাজপুর প্রতিবেদক ১২ মে ২০২৬ , ১১:৩৬:৫০ প্রিন্ট সংস্করণ

দিনাজপুরের বিরামপুর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি মুরগির খামারে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় ৫০০ মুরগি হত্যা এবং আরও ১২০০ মুরগি লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। পাশাপাশি খামার মালিককে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে অভিযুক্ত পক্ষ এসব অভিযোগ অস্বীকার করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের বেপারিটোলার নারায়নপুর গ্রামের মনিরুল ইসলামের সঙ্গে তার চাচা নজরুল ইসলামের দীর্ঘদিন ধরে বসতভিটার জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে সম্প্রতি নজরুল ইসলাম আদালতে মনিরুল ইসলামসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার সমন হাতে পৌঁছানোর পর থেকেই প্রতিপক্ষ ক্ষুব্ধ হয়ে ওঠে বলে দাবি ভুক্তভোগী পরিবারের।
ভুক্তভোগীদের অভিযোগ, ওই বিরোধের জের ধরে রোববার (৯ মে) রাতের আঁধারে নজরুল ইসলামের ছেলে জিসানের মুরগির খামারে সংঘবদ্ধ হামলা চালানো হয়। হামলাকারীরা খামারে ভাঙচুর চালিয়ে প্রায় ১২০০ মুরগি লুট করে নিয়ে যায়। এছাড়া আরও প্রায় ৫০০ মুরগিকে পিটিয়ে ও নির্মমভাবে হত্যা করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
খামারি জিসান বলেন, ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে লাভের আশায় খামার করেছিলাম। কিন্তু পরিকল্পিতভাবে আমার সবকিছু ধ্বংস করে দেওয়া হয়েছে। এখন আইনের আশ্রয় নিতে গেলেও হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, খামারের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মনিরুল ইসলাম ও তার স্বজনরা। তাদের দাবি, পরিকল্পিতভাবে তাদের ফাঁসাতে নিজেরাই ঘটনা ঘটিয়ে তাদের বিরুদ্ধে দোষ চাপানো হচ্ছে। এছাড়া মুরগিগুলো রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারে বলেও দাবি করেন তারা।
এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা এমন ঘটনাকে ন্যাক্কারজনক উল্লেখ করে দ্রুত বিচার দাবি করেছেন। এলাকাবাসীর ভাষ্য, জমি নিয়ে বিরোধ থাকতে পারে, কিন্তু নিরীহ প্রাণী হত্যা কোনোভাবেই মানবিক হতে পারে না। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
বিরামপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিপুল কুমার চক্রবর্তী বলেন, নিরীহ প্রাণীকে এভাবে হত্যা করা অত্যন্ত দুঃখজনক ও অমানবিক। বিষয়টি লোকমুখে শুনেছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার বলেন, ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। তিনি জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এভাবে মুরগি হত্যা ও খামারে হামলার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক ও জঘন্য। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং মামলার প্রক্রিয়া চলমান।

আরও খবর

Sponsered content