শিক্ষা ও শিক্ষাঙ্গন

ফিবোনাচ্চি অলিম্পিয়াডে সোনারগাঁও ইউনিভার্সিটির ৩টি জাতীয় পদক জয়

  প্রতিনিধি ১০ সেপ্টেম্বর ২০২৬ , ১১:০৪:০২ প্রিন্ট সংস্করণ

বিজ্ঞান, প্রযুক্তি ও রোবটিক্সভিত্তিক আন্তর্জাতিক প্রতিযোগিতা ‘ফিবোনাচ্চি ইন্টারন্যাশনাল রোবট অ্যান্ড STEM অলিম্পিয়াড ২০২৬’-এর বাংলাদেশ ন্যাশনাল রাউন্ডে ১টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জসহ মোট ৩টি জাতীয় পদক অর্জন করেছে সোনারগাঁও ইউনিভার্সিটির ‘এসইউ ইনোভেশন হাব’-এর শিক্ষার্থীরা। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের ৫৮টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তারা এই গৌরব অর্জন করে। এই সাফল্যের মাধ্যমে ইতালির রোমে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের সুযোগ অর্জন করেছে সোনারগাঁও ইউনিভার্সিটি।

প্রতিযোগিতায় ‘ব্লু এন্ট্রাপ্রেনিউরশিপ’ বিভাগে রৌপ্য পদক অর্জন করেছে ‘StingRay Hunter-X’ দল। পানির নিচে স্বয়ংক্রিয় উদ্ধারকাজ ও অনুসন্ধানের জন্য ‘Autonomous Underwater Robot’ প্রকল্প প্রদর্শন করে পদকটি লাভ করে সিই ও এমই বিভাগের শিক্ষার্থীদের এই দলটি। ‘রোবোটেক এন্ট্রাপ্রেনিউরশিপ’ বিভাগে ল্যান্ডমাইন শনাক্ত ও নিষ্ক্রিয়করণের রোবটিক প্রকল্প উপস্থাপন করে ব্রোঞ্জ পদক জিতেছে ‘SU Astro Nova’ দল। এ ছাড়া প্লাস্টিক দূষণ রোধে ‘Reverse Vending System’ প্রকল্পের জন্য ‘গ্রিনটেক এন্ট্রাপ্রেনিউরশিপ’ বিভাগে ব্রোঞ্জ পদক অর্জন করেছে ‘Robo Vend PRS’ দল।

উল্লেখ্য, ‘এসইউ ইনোভেশন হাব’-এর আওতায় সোনারগাঁও ইউনিভার্সিটির শিক্ষার্থীরা গত এক বছরে ২০টিরও বেশি জাতীয় ও আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মো. রইস উদ্দিন মোল্লার নেতৃত্বে ক্লাবটির গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক নুরুজ্জামান রাকিব এবং বেসিক সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. এইচ. বি. মুহাম্মদ জুকাউল ইসলাম। বর্তমানে তাদের ইনোভেশন হাবে নিজস্ব প্রযুক্তিতে তৈরি পাঁচটি রোবট রয়েছে এবং আন্তর্জাতিক মার্স রোভার প্রতিযোগিতার জন্য নতুন সংস্করণ উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে তাদের গবেষণা দল।

 

আরও খবর

Sponsered content