শিক্ষা ও শিক্ষাঙ্গন

বদরগঞ্জে ভিডাব্লিউবি কার্ড বিতরণে দুর্নীতি-অনিয়মের অভিযোগ

  বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২৫ , ৪:২৪:১৯ প্রিন্ট সংস্করণ

 

রংপুরের বদরগঞ্জ উপজেলার ১৫ নম্বর লোহানীপাড়া ইউনিয়নে সরকারি ভলনারেবল উইমেনস বেনিফিট (ভিডাব্লিউবি) কার্ড বিতরণে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। চলতি বছরে সরকার থেকে বরাদ্দ পাওয়া ২৯৪টি কার্ড প্রকৃত দুস্থ ও দরিদ্র পরিবারের হাতে না গিয়ে বিতরণ হয়েছে সচ্ছল পরিবারের মধ্যে।

অভিযোগ রয়েছে, প্রতিটি কার্ডের বিপরীতে জনপ্রতিনিধিরা ৬–৭ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছেন। সবচেয়ে বেশি অর্থ আদায়ের অভিযোগ উঠেছে ওই ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত মহিলা সদস্যা মিনা টপ্পোর বিরুদ্ধে।

সরেজমিনে দেখা যায়, প্রকৃত দরিদ্রদের বঞ্চিত রেখে সিসি ক্যামেরা-ঘেরা আধুনিক ফ্ল্যাটবাড়ির মালিক, স্কুলশিক্ষক, চাকরিজীবী, কাপড় ব্যবসায়ী, ধান-ভুট্টা-পাট ব্যবসায়ী পর্যন্ত এই সুবিধার আওতায় এসেছেন। এমনকি ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা ইউনুস আলী খানের স্ত্রীর নামও তালিকায় রয়েছে।

কার্ডধারীদের বাড়ি বাড়ি গিয়ে গোপন ক্যামেরায় ধারণ করা ভিডিওতে অনেক নারী স্বীকার করেছেন, টাকা দিয়ে মেম্বারদের কাছ থেকে কার্ড সংগ্রহ করতে হয়েছে তাদের। কেউ কেউ আবার দালালের মাধ্যমে অর্থ প্রদান করে এই সুবিধা নিয়েছেন। ফলে প্রকৃত দরিদ্র পরিবারের সংখ্যা তালিকায় অত্যন্ত কম।

এমন অভিযোগ কেবল লোহানীপাড়া ইউনিয়নেই সীমাবদ্ধ নয়; বদরগঞ্জ উপজেলার প্রায় সব ইউনিয়নেই একই ধরনের অনিয়ম চলছে বলে জানা গেছে। দুর্নীতির দিক দিয়ে পিছিয়ে নেই ১২ নম্বর কুতুবপুর ইউনিয়ন পরিষদও। সেখানে স্থানীয় আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় নির্বাচিত জনপ্রতিনিধিরাও একই কায়দায় কার্ড বিতরণ করছেন বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে জানতে চাইলে লোহানীপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান। তবে বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, “তদন্ত কমিটির প্রতিবেদন দাখিলের সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে।”

জনপ্রতিনিধিদের এমন কর্মকাণ্ডে ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ। তাদের মতে, সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তাদের উদাসীনতা ও দায়িত্বহীনতার কারণেই এ ধরনের সীমাহীন দুর্নীতি ঘটছে।

আরও খবর

Sponsered content