স্টাফ রিপোর্টার: ২৩ আগস্ট ২০২৫ , ১২:৫৩:৫৬ প্রিন্ট সংস্করণ
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় চিকিৎসাধীন তাসনিয়া নামের আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এক মাস ধরে চিকিৎসাধীন থাকার পর শনিবার সকাল ৮টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ভারপ্রাপ্ত) ডা. সুলতান মাহমুদ সিকদার তাসনিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিস্ফোরণে তাসনিয়ার শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তাসনিয়ার বাবা মো. নাজমুল হোসেন জানান, মাইলস্টোন স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল তার মেয়ে।
হাসপাতাল সূত্র জানায়, এ ঘটনায় এখনো ২২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এনিয়ে বার্ন ইনস্টিটিউটে মৃতের সংখ্যা দাঁড়ালো ২০ জনে। এ পর্যন্ত ১৪ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন।









