চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : ২৫ আগস্ট ২০২৫ , ১২:০৮:০৮ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জের চুনারুঘাটে উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর পদবঞ্চিত ও ত্যাগী নেতাকর্মীদের বাদ দেওয়ার অভিযোগে ঝাড়ু ও জুতা মিছিল করেছে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
রবিবার (২৪ আগস্ট) বিকেলে পৌর শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মধ্যবাজার গোলচত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে নেতৃত্ব দেন সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সামছুল হক তালুকদার ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. মারুফ মিয়া।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, “দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ সরকারের জুলুম-নির্যাতন, মিথ্যা মামলা ও হামলার শিকার হয়েছি। প্রতিকূল পরিস্থিতিতেও আমরা বিএনপির পতাকা বুকের সাথে ধারণ করেছি। অথচ ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে আমাদের বাদ দিয়ে একটি পকেট কমিটি গঠন করা হয়েছে।”
তারা দাবি জানান, অবিলম্বে এ কমিটি বাতিল করে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কার্যকরী কমিটি গঠন করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
বিক্ষোভে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন।














