সারাদেশ

হাজিরহাট ইউপি নির্বাচন নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান

  প্রতিনিধি ১১ আগস্ট ২০২৬ , ২:৩৩:১৪ প্রিন্ট সংস্করণ

ভোলার মনপুরা উপজেলার ২ নম্বর হাজিরহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও ভিত্তিহীন তথ্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউর রহমান।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১টা ২০ মিনিটে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।

স্ট্যাটাসে জিয়াউর রহমান বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং বিভিন্ন ধরনের ভিত্তিহীন গুজব ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে ২ নম্বর হাজিরহাট ইউনিয়নের সর্বস্তরের মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি দাবি করেন, তাঁদের নেতা এবং ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে এখন পর্যন্ত কাউকে কোনো ধরনের ‘গ্রিন সিগনাল’ বা দলীয় সমর্থন দেননি।

জিয়াউর রহমান আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন মহল থেকে ছড়ানো মনগড়া বক্তব্য ও গুজবে বিভ্রান্ত না হয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা উচিত। নির্বাচন সংক্রান্ত সব সিদ্ধান্ত ও দিকনির্দেশনা যথাসময়ে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

স্ট্যাটাসের শেষাংশে হাজিরহাট ইউনিয়নে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সচেতন থাকার এবং যেকোনো ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এদিকে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ২ নম্বর হাজিরহাট ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা ও রাজনৈতিক হিসাব-নিকাশ নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা চলছে। এর মধ্যে জিয়াউর রহমানের এ বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

আরও খবর

Sponsered content