প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২৫ , ৯:২২:০৪ প্রিন্ট সংস্করণ
সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরে ডুবে সুস্মিতা দেবনাথ (৭) ও রিয়া দাশ (৭) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ২টার দিকে উপজেলার মৌতলা ইউনিয়নের নামাজগড় গ্রামে এই ঘটনা ঘটে।
রিয়া দাশ উপজেলার নামাজগড় গ্রামের উত্তম দাশের মেয়ে এবং সুস্মিতা দেবনাথ একই এলাকার রাম প্রসাদ দেবনাথের মেয়ে। তারা নামাজগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
রিয়া দাশের ভাই সুদর্শন দাশ ও দীপঙ্কর দাশ জানান, তাদের বৌদি ভারতী দাশ দুপুরে রিয়া ও সুস্মিতাকে নিয়ে প্রতিবেশী আনন্দ চক্রবর্তীর পুকুরে গোসলের উদ্দেশ্যে বের হন। তিনি শিশু দুটিকে পুকুরপাড়ে রেখে বাড়িতে কাপড় আনতে যান। কিছুক্ষণ পর সেখানে ফিরে এসে রিয়া ও সুস্মিতাকে দেখতে না পেয়ে পুকুরে নেমে খোঁজাখুঁজি করেন।
একপর্যায়ে স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।




















