শিক্ষা ও শিক্ষাঙ্গন

বাকৃবিতে ‘ফেরা’ দিয়ে আবারও সক্রিয় মিউজিক্যাল রেজিমেন্ট

  বাকৃবি প্রতিনিধি ৩ অক্টোবর ২০২৬ , ৪:৩৩:৩১ প্রিন্ট সংস্করণ

দীর্ঘ বিরতির পর নতুন কমিটির হাত ধরে আবারও সক্রিয় হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাংস্কৃতিক সংগঠন ‘মিউজিক্যাল রেজিমেন্ট’। নতুন কমিটির প্রথম আয়োজন হিসেবে ‘ফেরা’ শিরোনামে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির কার্যক্রম নতুন করে শুরু হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের আমতলায় এ আয়োজন অনুষ্ঠিত হয়। ‘পুরনো পথে নতুন পথ চলা’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে দেশি-বিদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে মোট ১৮টি গান পরিবেশন করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক রিভু কুমার সাহা বলেন, ক্যাম্পাসের বিভিন্ন ক্লাব ও সংগঠনের আয়োজনে মিউজিশিয়ানদের নিয়মিত গান পরিবেশনের সুযোগ সীমিত থাকায় সংগীতপ্রতিভাবান শিক্ষার্থীদের জন্য একটি স্বতন্ত্র প্ল্যাটফর্ম তৈরির প্রয়োজন থেকেই ‘মিউজিক্যাল রেজিমেন্ট’-এর যাত্রা শুরু হয়। সংগঠনটির লক্ষ্য সংগীতপ্রেমী শিক্ষার্থীদের একত্রিত করে তাদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করা।

তিনি জানান, প্রথম কমিটির অধীনে সংগঠনটি কার্যক্রম পরিচালনা করলেও দ্বিতীয় কমিটির সময়ে বিভিন্ন কারণে তা স্থবির হয়ে পড়ে। পরবর্তী সময়ে শিক্ষকদের অনুপ্রেরণায় ‘মুনলিট নাইট’ আয়োজন করা হলেও নতুন কমিটি না থাকায় আবারও কার্যক্রম থেমে যায়।

পরবর্তীতে ক্যাম্পাসের সাংস্কৃতিক সংগঠনগুলোর কার্যক্রম পুনরায় সক্রিয় হতে শুরু করলে ‘মিউজিক্যাল রেজিমেন্ট’কেও সচল করার উদ্যোগ নেওয়া হয়। শিক্ষক প্রতীক, ফরহাদ কাদির ও শহিদুলের অনুপ্রেরণা ও সহযোগিতায় ‘ফেরা’ আয়োজন সম্ভব হয়েছে বলে জানান রিভু কুমার সাহা।

ইতোমধ্যে গান ও বাদ্যযন্ত্রচর্চায় আগ্রহী বেশ কয়েকজন শিক্ষার্থী সংগঠনটির সঙ্গে যুক্ত হয়েছেন। নতুন কমিটি তাদের প্রতিভা ও উদ্যমকে কাজে লাগিয়ে সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল করার পরিকল্পনা নিয়েছে।

দীর্ঘ বিরতির পর নতুন কমিটি গঠন এবং ‘ফেরা’ আয়োজনের মধ্য দিয়ে বাকৃবির সাংস্কৃতিক অঙ্গনে আবারও নিজেদের কার্যক্রম শুরু করল ‘মিউজিক্যাল রেজিমেন্ট’।

আরও খবর

Sponsered content