রুশাইদ আহমেদ, বেরোবি ৪ এপ্রিল ২০২৬ , ৭:৪১:৪১ প্রিন্ট সংস্করণ
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বসছে ভিন্নধর্মী ‘প্রত্ন-প্রদর্শনী ও ঐতিহ্য উৎসব ২০২৬’। বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের উদ্যোগে আগামী সোমবার (৬ এপ্রিল) ক্যাম্পাসের মিডিয়া চত্বরে এ আয়োজন করা হবে।
আয়োজক সূত্রে জানা গেছে, দিনাজপুরের কান্তজীর মন্দির, ঢাকার লালবাগ কেল্লা, নওগাঁর কুসুম্বা মসজিদ এবং চাঁপাইনবাবগঞ্জের গৌড় নগরীর মতো ঐতিহাসিক স্থাপনার প্রতিরূপ ও ইতিহাস তুলে ধরা হবে এ উৎসবে। পাশাপাশি রংপুর অঞ্চলের ঐতিহ্যবাহী খাবার ও পোশাকও প্রদর্শিত হবে।
সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন আয়োজকরা।
আয়োজক কমিটির সদস্যরা জানান, বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য নতুন প্রজন্মের সামনে তুলে ধরা এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণে সচেতনতা তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেবেন বলে তারা আশা প্রকাশ করেন।
ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মাজহারুল ইসলাম বলেন, “এই প্রত্ন-প্রদর্শনী আমাদের জন্য বাস্তবমুখী শিক্ষার একটি নতুন দিগন্ত খুলে দেবে। এর মাধ্যমে দেশের পুরাকীর্তি ও ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ সৃষ্টি হবে।”
বিভাগের সহকারী অধ্যাপক ড. সোহাগ আলী বলেন, “প্রত্নতাত্ত্বিক বিষয়গুলোকে পাঠ্যবইয়ের গণ্ডি থেকে বের করে সবার কাছে পৌঁছে দিতেই এ আয়োজন। একাডেমিয়ার বাইরে সাধারণ মানুষের মধ্যেও আগ্রহ সৃষ্টি করাই আমাদের মূল লক্ষ্য।”
তিনি আরও জানান, আগের আয়োজনগুলোর ধারাবাহিকতায় এবার নতুনত্ব আনতে রংপুরের স্থানীয় ঐতিহ্যবাহী খাবার ও পোশাকও অন্তর্ভুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালে প্রথমবারের মতো ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের উদ্যোগে ‘প্রত্ন-প্রদর্শনী ও ঐতিহ্য উৎসব’ আয়োজন করা হয়েছিল।





















