শিক্ষা ও শিক্ষাঙ্গন

অপ্রতিম হত্যাকাণ্ডে নতুন তথ্য, মায়ের ৩ দাবি

  প্রতিনিধি ২১ সেপ্টেম্বর ২০২৬ , ২:২৭:৫২ প্রিন্ট সংস্করণ

কুমিল্লায় আলোচিত কিশোর ইশরাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের তৃতীয় দিনেও উত্তাল কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। এবার অপ্রতিমের মা ও বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম হত্যাকাণ্ডের বিষয়ে নতুন তথ্য দিয়েছেন। এবং দাবি জানিয়েছেন তিনটি।

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে কুবি শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে অপ্রতিমের মায়ের পক্ষে এসব তথ্য ও দাবি তুলে ধরেন তার সহকর্মী বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুন নাহার শীলা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আজাদ হোসেন সরকার, কুবি শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. শাহাদাৎ হোসেনসহ অন্যান্য নেতারা ও শিক্ষকরা।

মানববন্ধনে ড. কামরুন নাহার শীলার দেওয়া তথ্য অনুযায়ী, অপ্রতিম হত্যা মামলায় গ্রেপ্তার মোজাম্মেল হোসেন ফাহাদ (১৬) ঘটনার প্রায় ১০ দিন আগে অপ্রতিমের বাবার প্রতিষ্ঠানে বিনা বেতনে চাকরি নেন। এ ছাড়া ড. নাহিদা বেগম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর থাকাকালে মাদকবিরোধী অভিযানে কুমিল্লার স্থানীয় কয়েকজন কিশোর গ্যাংয়ের সদস্যকে পুলিশের কাছে সোপর্দ করেছিলেন বলে জানানো হয়। ওই কিশোর গ্যাংয়ের নেতৃত্বে ছিলেন মামলার আরেক আসমি সাইফুল ইসলাম তুহিন (১৯) বলেও দাবি করা হয়েছে।

অপ্রতিমের মা মনে করেন, ওই ঘটনার সঙ্গে তার ছেলেকে হত্যার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। এ বিষয়টি তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।

তার দ্বিতীয় দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তিনজনকে অপ্রাপ্তবয়স্ক হিসেবে দেখানো হয়েছে। তারা প্রকৃতপক্ষে অপ্রাপ্তবয়স্ক কি না, তা ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করার দাবি জানান তিনি। সর্বশেষ অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনে আইন সংশোধনের দাবি জানিয়েছেন অপ্রতিমের মা।

ড. কামরুন নাহার শীলা বলেন, আমি অপ্রতিমে মায়ের সঙ্গে দেখা করেছি। তার অবস্থা খুবই খারাপ। তারপরও তিনি আমাকে কয়েকটা দাবি জানাতে বলেছেন- তাই তার পক্ষ হয়ে আমি এসব দাবি জানিয়েছি।

আরও খবর

Sponsered content