শিক্ষা ও শিক্ষাঙ্গন

ন্যাচার ইনডেক্স র‍্যাঙ্কিং ২০২৬: রসায়ন গবেষণায় দেশে দ্বিতীয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়

  জবি প্রতিনিধি ৩০ মে ২০২৬ , ২:০৫:০৮ প্রিন্ট সংস্করণ

 

স্প্রিঞ্জার ন্যাচার পরিচালিত আন্তর্জাতিক গবেষণা সূচক “ন্যাচার ইনডেক্স র‍্যাঙ্কিং ২০২৬”-এ একাডেমিক গবেষণা সূচকে বাংলাদেশের মধ্যে রসায়ন গবেষণায় দ্বিতীয় অবস্থান অর্জন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)।

সম্প্রতি স্প্রিঞ্জার ন্যাচার পরিচালিত আন্তর্জাতিক গবেষণা সূচকের নিজস্ব ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।

জানা গেছে, ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত সময়ের গবেষণা তথ্যের ভিত্তিতে এ র‍্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে। দেশের সরকারি, বেসরকারি, সাধারণ ও বিশেষায়িত বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা কার্যক্রমের মূল্যায়নের ভিত্তিতে এ সূচক প্রকাশ করে সংস্থাটি।

প্রকাশিত র‍্যাঙ্কিং অনুযায়ী, বৈশ্বিক পরিসরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অবস্থান ৬০৪৫তম, একাডেমিক পর্যালোচনায় ৩০৬৯তম এবং রসায়ন গবেষণায় ২৬৫৩তম। বাংলাদেশের মধ্যে বিশ্ববিদ্যালয়টির অবস্থান সামগ্রিকভাবে ১৪তম, একাডেমিক পর্যালোচনায় ১০ম এবং রসায়ন গবেষণায় ২য়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, “এ অর্জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকদের নিরলস গবেষণা প্রচেষ্টা ও একাডেমিক উৎকর্ষতার স্বীকৃতি। ইতোমধ্যে আমরা র‍্যাঙ্কিং ডেভেলপমেন্ট কমিটি গঠন করেছি। আমি যোগদানের এক মাসের মধ্যেই ‘ভাইস চ্যান্সেলর রিসার্চ অ্যাওয়ার্ড’ প্রদান করেছি। আগামী মাসের ১৭ তারিখ মাননীয় শিক্ষা উপদেষ্টাকে প্রধান অতিথি করে ‘স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড’ ও ‘ডিন অ্যাওয়ার্ড’ প্রদান করা হবে। গবেষণাকে আরও উৎসাহিত করা এবং এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে একটি সম্মানজনক আন্তর্জাতিক র‍্যাঙ্কিং অবস্থানে নিয়ে যাওয়াই আমার অন্যতম লক্ষ্য।”

উল্লেখ্য, ন্যাচার ইনডেক্স হলো বিশ্বের শীর্ষস্থানীয় বৈজ্ঞানিক জার্নালে প্রকাশিত গবেষণা নিবন্ধের সংখ্যা এবং গবেষকদের অবদানের আনুপাতিক হারের ভিত্তিতে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানকে মূল্যায়ন ও র‍্যাঙ্কিং প্রদানকারী একটি স্বীকৃত আন্তর্জাতিক গবেষণা সূচক।

আরও খবর

Sponsered content