প্রতিনিধি ১৭ ডিসেম্বর ২০২৫ , ১২:৪৪:৪৬ প্রিন্ট সংস্করণ
পিএসজিকে ইতিহাস গড়া সাফল্য এনে দেওয়া লুইস এনরিকে ফিফার পুরুষ ফুটবলের বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন। আর নারী ফুটবলে সেরা কোচের মর্যাদা পেয়েছেন ইংল্যান্ড নারী দলের প্রধান কোচ সারিনা ভিগমান।
মঙ্গলবার রাতে কাতারের রাজধানী দোহায় আয়োজিত ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে এই দুই কোচের নাম ঘোষণা করা হয়। তবে ব্যস্ত সূচির কারণে কেউই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।
এনরিকের নেতৃত্বে ২০২৪ সালের ১১ আগস্ট থেকে ২০২৫ সালের ২ আগস্ট পর্যন্ত বিবেচিত সময়ে পিএসজি ক্লাব ইতিহাসের অনন্য ট্রেবল জেতে। এই সময়ে তারা চ্যাম্পিয়ন্স লিগ, লিগ আঁ ও ফরাসি কাপের শিরোপা ঘরে তোলে। পাশাপাশি গত জানুয়ারিতে ফরাসি সুপার কাপ জিতে আরও একটি ট্রফি নিজেদের করে নেয় প্যারিসের ক্লাবটি।
এ সময় এনরিকের দল ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালেও পৌঁছেছিল, তবে শিরোপা নির্ধারণী ম্যাচে চেলসির কাছে হার মানতে হয় তাদের।
ক্যারিয়ারে দ্বিতীয়বার ফিফার বর্ষসেরা কোচের পুরস্কার জিতলেন লুইস এনরিকে। এর আগে ২০১৫ সালে প্রথমবার এই সম্মান অর্জন করেছিলেন তিনি। অসাধারণ এই সাফল্যের স্বীকৃতি হিসেবে গত সেপ্টেম্বরে ফ্রান্স ফুটবলের ব্যালন দ’র অনুষ্ঠানেও বর্ষসেরা কোচের পুরস্কার পেয়েছিলেন স্পেনের এই কোচ।
নারী ফুটবলে ইংল্যান্ডকে সর্বশেষ উইমেন’স ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা এনে দেওয়ার সুবাদে ফিফার বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন সারিনা ভিগমান। নেদারল্যান্ডসের সাবেক এই ফুটবলার ও কোচ এই নিয়ে পঞ্চমবার ফিফার বর্ষসেরা কোচের স্বীকৃতি পেলেন। গত সেপ্টেম্বরে নারী ফুটবলেও বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছিলেন তিনি।





















