খেলাধুলা

আশ্রমে যেতে ৫ কোটি নেওয়ার দাবি নাকচ কোহলির

  প্রতিনিধি ৭ অক্টোবর ২০২৬ , ২:১৬:০৪ প্রিন্ট সংস্করণ

আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজের বৃন্দাবনের আশ্রমে যাওয়ার জন্য বিরাট কোহলিকে ৫ কোটি রুপি দেওয়া হয়েছিল—এমন অভিযোগ সরাসরি নাকচ করেছেন ভারতীয় এই ক্রিকেট তারকা। কোহলির মুখপাত্রের দেওয়া এক বিবৃতিতে অভিযোগটিকে ‘সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং বাস্তবতাবিবর্জিত’ বলে উল্লেখ করা হয়েছে।

প্রেমানন্দ মহারাজের রাধা কেলি কুঞ্জ আশ্রমে এক শিষ্যের রহস্যজনক মৃত্যুকে ঘিরে বিতর্কের মধ্যেই কোহলিকে নিয়ে এই অভিযোগ ওঠে। শ্রীকৃষ্ণ জন্মভূমি সংগ্রাম ন্যাসের সভাপতি ফলাহারি মহারাজ দাবি করেন, আধ্যাত্মিক গুরুর জনপ্রিয়তা বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে কোহলিকে তার আশ্রমে নিয়ে যেতে ৫ কোটি রুপি দেওয়া হয়েছিল।

অভিযোগটি প্রত্যাখ্যান করে কোহলির পক্ষ থেকে বলা হয়, ‘বিরাট কোহলিকে নিয়ে ফলাহারি মহারাজ দীনেশ শর্মা যে দাবি করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং বাস্ততাবিবর্জিত—এ কথা আমরা দ্ব্যর্থহীনভাবে জানাতে চাই।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘বিরাট কোহলি গভীর বিশ্বাস ও শ্রদ্ধা থেকেই প্রেমানন্দ মহারাজের কাছে যান। আমরা এই দাবিগুলো দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। সংবাদমাধ্যমের প্রতি অনুরোধ, এ ধরনের বক্তব্য প্রকাশ বা প্রচারের আগে যথাযথভাবে তথ্য যাচাই করুন এবং দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন করুন।’

তবে কোহলি ও তার স্ত্রী অভিনেত্রী আনুশকা শর্মা আশ্রমে যাওয়ার বিনিময়ে কোনো অর্থ পেয়েছেন কি না, তা প্রমাণ করার মতো কোনো তথ্য পাওয়া যায়নি।

কোহলি ও আনুশকা নিয়মিতই বৃন্দাবনের রাধা কেলি কুঞ্জ আশ্রমে যান। ২০২৩ সালের ৪ জানুয়ারি প্রথমবার উল্লেখযোগ্যভাবে তারা সেখানে গিয়েছিলেন। এরপর এই দম্পতি একাধিকবার ওই আধ্যাত্মিক গুরুর আশ্রমে গেছেন। কোহলি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর পরও তাদের এই যাতায়াত অব্যাহত রয়েছে।

প্রেমানন্দ মহারাজের আশ্রমকে ঘিরে বিতর্কের সূত্রপাত তার এক শিষ্য রসিক দুলারির মৃত্যুর পর। গত ২৫ সেপ্টেম্বর আশ্রমের চতুর্থ তলা থেকে পড়ে তার মৃত্যু হয়।

মথুরা পুলিশ তদন্ত করে দেখছে, রসিক দুলারি কোনো ধরনের মানসিক চাপ বা বিষণ্নতায় ভুগছিলেন কি না।

আশ্রমে যোগ দেওয়ার আগে তার জীবনযাপন কেমন ছিল এবং পরে তার আচরণে কী ধরনের পরিবর্তন এসেছিল, সেটিও তদন্তের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে। শেষ দিনগুলোতে তিনি কার কার সঙ্গে যোগাযোগ করেছিলেন, তা জানতে তার পুরোনো মুঠোফোন, নতুন সিম, কলের বিস্তারিত তথ্য, কথোপকথনসহ বিভিন্ন ডিজিটাল তথ্য পরীক্ষা করছে পুলিশ।

এখন পর্যন্ত প্রেমানন্দ মহারাজের আশ্রমে শিষ্যের মৃত্যুর ঘটনায় ৮৫ জনের বক্তব্য রেকর্ড করেছে পুলিশ।

আরও খবর

Sponsered content