খেলাধুলা

আইপিএল নিলামে আবার নাম দেবেন কি না, জানালেন তানজিম

  প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২৬ , ৬:১০:০৬ প্রিন্ট সংস্করণ

দবিশ্বের অন্য ক্রিকেটারদের মতো আইপিএলে খেলার স্বপ্ন ছিল বাংলাদেশের উঠতি পেসার তানজিম হাসান সাকিবেরও। তবে সম্প্রতি মোস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে তৈরি হওয়া পরিস্থিতি তাকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। পরের বার আইপিএলের নিলামে নাম দেওয়ার আগে তিনি সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে পরামর্শ করার পরিকল্পনা করছেন।

তানজিম বাংলাদেশের সম্ভাবনাময় পেসারদের একজন। তিনটি ফরম্যাটেই জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন তিনি। সবচেয়ে বেশি ৪০টি ম্যাচ খেলেছেন টি-টোয়েন্টি সংস্করণে। ২৩ বছর বয়সী এই পেসার ভারতের ও শ্রীলংকার মঞ্চে আগামী মাসে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের অংশও।

দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে এখনও খেলার সুযোগ হয়নি তানজিমের। এবারের আইপিএল নিলামে নাম রেজিস্ট্রেশন করেছিলেন তিনি। প্রাথমিক তালিকায় তার নাম থাকলেও চূড়ান্ত তালিকায় কোনো দল আগ্রহ দেখায়নি, ফলে নিলামে নাম ওঠেনি।

তবুও তানজিমের আগ্রহ মরে যায়নি। পরের আসরেও সম্ভবত আইপিএলে নাম দেবেন তিনি। তবে মুস্তাফিজুর বাদ দেওয়ার পরের পরিস্থিতি তার চিন্তাভাবনায় নতুন মাত্রা যোগ করেছে।

বিপিএলের মঙ্গলবার রাজশাহী ওয়ারিয়র্সের অনুশীলনের পর সংবাদ সম্মেলনে তানজিম বলেন, ‘আইপিএল থেকে উনাকে (মোস্তাফিজ) কেন সরিয়ে দিল বা এমন হলো, আমরা কেউই জানি না। হয়তো রাজনৈতিক ইস্যু হতে পারে, তবে ক্রিকেটে রাজনীতি না আসাটাই ভালো। আমরা তো চাই… ক্রিকেটার হিসেবে আইপিএল খেলতে ইচ্ছা থাকে। ওই হিসাবে নাম দেই, আর পরের বছর এজেন্ট বা দেশের সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেব।’

ভারতীয় বোর্ডের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজুর বাদ পড়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিরাপত্তার কারণে বিশ্বকাপে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তানজিম বিসিবির এই পদক্ষেপের সমর্থনও জানিয়েছেন।

তিনি বলেন, ‘এটাই বোর্ডের কাজ। বোর্ড অবশ্যই খেলোয়াড়কে সাপোর্ট করবে, করেছে এবং এটি প্রশংসার যোগ্য।’

আরও খবর

Sponsered content