সোহেল খান দূর্জয়, নেত্রকোনা প্রতিনিধি ৩ ফেব্রুয়ারি ২০২৬ , ৮:৩০:৪৪ প্রিন্ট সংস্করণ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন (১২ ফেব্রুয়ারি) উপলক্ষে নেত্রকোনা-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. আনোয়ারুল হক-এর পক্ষে গণসংযোগ কর্মসূচি পালন করেছেন ময়মনসিংহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কে আর খান পাঠান শাহের।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া ও কুড়পাড়া এলাকায় গণসংযোগ শুরু হয়ে বনুয়াপাড়া মদন বাস স্টেশন এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় রাস্তার দু’পাশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জড়ো হন। নেতাকর্মীদের স্লোগানে পুরো এলাকা মুখর হয়ে ওঠে। ধানের শীষ হাতে নিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন অ্যাডভোকেট কে আর খান পাঠান শাহের।
গণসংযোগে বক্তব্যে তিনি বলেন, নেত্রকোনা-২ আসনের মানুষ পরিবর্তন চায়। দীর্ঘদিন ধরে তারা ভোটাধিকার থেকে বঞ্চিত। জনগণ যদি অধ্যাপক ডা. আনোয়ারুল হককে সেবা করার সুযোগ দেয়, তবে এই এলাকাকে একটি পরিকল্পিত ও বাসযোগ্য নেত্রকোনা হিসেবে গড়ে তোলা হবে। তিনি আরও বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে। আগামী নির্বাচন শুধু একটি নির্বাচন নয়, এটি দেশের ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন।
তিনি ভোটারদের উদ্দেশে বলেন, সবাই নিজ নিজ এলাকার মানুষকে সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন। নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজেরা ভোট দেবেন এবং অন্যদেরও ভোটকেন্দ্রে নিয়ে যাবেন। অপশক্তির বিরুদ্ধে সজাগ থাকার পাশাপাশি ফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেন্দ্র ত্যাগ না করার অনুরোধ জানান তিনি।
জনগণের উদ্দেশে তিনি আরও বলেন, দেশের সমৃদ্ধি তারেক রহমান-এর নেতৃত্বেই সম্ভব, আর তা নির্ভর করছে ভোটারদের সক্রিয় অংশগ্রহণের ওপর। ভোটাররা সক্রিয় থাকলে ধানের শীষের বিজয় হবে—দেশ ও জাতির বিজয় হবে বলেও তিনি মন্তব্য করেন।
গণসংযোগে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি শ্রমজীবী মানুষ ও পথচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। স্থানীয় বিএনপি নেতারা জানান, নেত্রকোনা-২ আসনে অধ্যাপক ডা. আনোয়ারুল হকের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। গণসংযোগে মানুষের সাড়ায় আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে শক্ত অবস্থান তৈরি হয়েছে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
গণসংযোগ শেষে নেত্রকোনা প্রশাসক কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে কর্মসূচি শেষ করেন অ্যাডভোকেট কে আর খান পাঠান শাহের। এ সময় তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভোটের মাঠে থাকার আহ্বান জানান।





















