সারাদেশ

ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষে নিহত ৩

  প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২৬ , ৮:৪০:১৭ প্রিন্ট সংস্করণ

ময়মনসিংহ সদরের আলালপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে এবং আরও ২০ জন আহত হয়েছেন। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে আলালপুরে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে খালেক ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের মধ্যে একজনের নাম আব্দুর রেজ্জাক (৩০)। তার বাড়ি হালুয়াঘাট উপজেলার ধারা গ্রামে। প্রাথমিকভাবে বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনায় রেজ্জাক নামের একজন ঘটনাস্থলেই নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে মরদেহ উদ্ধার করে এবং আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের মাঝে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বেপরোয়াভাবে চলাচল করায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত একজনের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অপর দুজনের পরিচয় শনাক্তকরণে কাজ করছে পুলিশ। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আরও খবর

Sponsered content