খেলাধুলা

দিয়োমান্দের অসাধারণ সম্ভাবনা দেখছেন মরিনিও

  প্রতিনিধি ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ১:৩৭:১৭ প্রিন্ট সংস্করণ

লা লিগায় রায়ো ভায়েকানোর বিপক্ষে ৪-১ গোলে লা লিগায় জয়ের ম্যাচে রিয়াল মাদ্রিদের হয়ে প্রথমবার শুরুর একাদশে খেলেন ইয়ান দিয়োমান্দে। তার মধ্যে ‘অবিশ্বাস্য সম্ভাবনা’ দেখছেন কোচ হোসে মরিনিও। তবে তরুণ এই উইঙ্গারের এখনো ‘অনেক কিছু শেখার আছে’ বলেও জানিয়েছেন তিনি।

বার্নাবেউয়ে ম্যাচের প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পে, আলভারো কারেরাস ও জুড বেলিংহ্যাম একটি করে গোল করেন। বিরতির পর রায়োর হয়ে একটি গোল শোধ করেন সের্হিও কামেয়ো। যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোল করে রিয়ালের বড় জয় নিশ্চিত করেন এমবাপ্পে।

গত মাসে আরবি লাইপজিগ থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত মূলত বদলি হিসেবে অল্প সময়ের জন্য মাঠে নেমেছিলেন দিয়োমান্দে। রিয়ালের ইতিহাসে সবচেয়ে বেশি অর্থে চুক্তিবদ্ধ এই খেলোয়াড় শনিবার অবশ্য ৭২ মিনিট মাঠে ছিলেন।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মরিনিও বলেন, ‘দিয়োমান্দে ধীরে ধীরে উন্নতি করছে। সর্বোচ্চ পর্যায়ের ইউরোপীয় ফুটবলে সে খুব বেশি দিন খেলেনি। লাইপজিগে গত মৌসুমটাই ছিল তার বড় অভিজ্ঞতা। কৌশলগত দিক থেকে তার এখনো অনেক কিছু শেখার আছে।’

তিনি আরও বলেন, ‘তবে একের বিপক্ষে এক লড়াই, বল বাড়িয়ে দেওয়া এবং দূর থেকে শট নেওয়ার ক্ষেত্রে তার অসাধারণ সম্ভাবনা দেখা যায়। সে খুব শক্তিশালী একজন খেলোয়াড়, যে আমাদের অনেক বিকল্প তৈরি করে দেয়। সে ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় খেলতে পারে, আবার ডান পাশেও খেলতে পারে। আমি দিয়োমান্দের আরও উন্নতি দেখতে চাই, কারণ অন্য খেলোয়াড়েরা আমাকে কী দিতে পারে, সেটাও আমি জানি।’

মরিনিও জানান, মাঝ সপ্তাহে চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে কঠিন জয়ের পর তাঁর খেলোয়াড়েরা ক্লান্ত হয়ে পড়েছিলেন। শনিবার দ্বিতীয়ার্ধ যত গড়িয়েছে, ততই সেই ক্লান্তির প্রভাব দেখা গেছে।

রিয়ালের কোচ বলেন, ‘এটি ছিল ৪৫ মিনিটের খেলা। ৪৫ মিনিট, খেলা শেষ, আর কিছু বলার নেই। আমি জানতাম, প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও খেলা চালিয়ে যাওয়ার মতো শারীরিক ও মানসিক শক্তি দলের ছিল না। জুড বেলিংহ্যাম শেষ ১০ মিনিট প্রায় কোনো শক্তি ছাড়াই খেলেছে।’

‘এটি শুধু শারীরিক শক্তির বিষয় নয়, মানসিক শক্তির বিষয়ও। শুধু খেলার তীব্রতা কমেনি, মনোযোগও কমেছে, ফলে আরও বেশি ভুল হয়েছে। চ্যাম্পিয়নস লিগে আমার অভিজ্ঞতা থেকে আমি জানতাম, খেলাটি এমনই হবে। আমরা শক্তভাবে শুরু করতে চেয়েছিলাম এবং দ্রুত খেলা নিজেদের নিয়ন্ত্রণে নিতে চেয়েছিলাম। সেটিই আমরা করেছি।’

মাঝ সপ্তাহের ম্যাচে সমর্থকদের একাংশের দুয়োধ্বনি শুনতে হওয়া ভিনিসিয়ুস শনিবার বেলিংহ্যামের গোলে সহায়তা করেন। পরে বদলি হওয়ার সময় মরিনিও তাঁকে জড়িয়ে ধরেন।

ভিনিসিয়ুস সম্পর্কে মরিনিও বলেন, ‘শারীরিকভাবে সে আগের যেকোনো সময়ের চেয়ে ভালো অবস্থায় আছে। নিজের সর্বোচ্চ গতিতে পৌঁছাতে তার এখন সামান্যই বাকি। মানসিকভাবেও সে খুব শক্তিশালী। রিয়াল মাদ্রিদকে তার চেয়ে ভালো আর কেউ চেনে না।’

তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে তার মূল বিষয় হলো সতীর্থদের গোলে সহায়তা করা এবং রক্ষণাত্মক দিকটি বোঝা। গোলও আসবে।’

আরও খবর

Sponsered content