খেলাধুলা

দিয়ালোর শেষ মুহূর্তের গোলে আইভরি কোস্টের দুর্দান্ত সূচনা

  প্রতিনিধি ১৫ জুন ২০২৬ , ৯:২১:১৪ প্রিন্ট সংস্করণ

বিশ্বকাপে ১২ বছর পর ফিরে এসে দারুণ সূচনা করেছে আইভরি কোস্ট। ম্যাচের ৯০তম মিনিটে আমাদ দিয়ালোর করা একমাত্র গোলে ইকুয়েডরকে ১-০ ব্যবধানে হারিয়েছে আফ্রিকার দলটি।

রবিবার ফিলাডেলফিয়ার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দুই দল মিলিয়ে তিনবার বল আঘাত করে ক্রসবারে। তবে শেষ পর্যন্ত জয়সূচক গোলটি আসে বদলি খেলোয়াড় আমাদ দিয়ালোর পা থেকে।

৫৬তম মিনিটে মাঠে নামা দিয়ালো পেনাল্টি এলাকার ভেতর থেকে বাঁ পায়ের শটে প্রতিপক্ষ গোলরক্ষক হার্নান গালিন্দেসকে পরাস্ত করেন। ডান প্রান্ত দিয়ে দুর্দান্ত দৌড়ে এসে গোলের সুযোগ তৈরি করে দেন উইলফ্রিড সিঙ্গো।

বিশ্বকাপে নিজেদের চতুর্থ অংশগ্রহণে এবং ২০১৪ সালের পর প্রথমবারের মতো খেলতে নেমে আইভরি কোস্ট নকআউট পর্বে ওঠার পথে বড় এক ধাপ এগিয়ে গেল। এখন পর্যন্ত তারা কখনও বিশ্বকাপের নকআউট পর্বে খেলতে পারেনি।

ম্যাচের ৫২তম মিনিটে আইভরি কোস্টের এলিয়ে ওয়াহির শট ক্রসবারে লাগে। এর আগে প্রথমার্ধে ইকুয়েডরের জন ইয়েবোয়া ও নিলসন আঙ্গুলোও ক্রসবারে বল মেরে হতাশ হন।

বিশ্বকাপে পঞ্চমবার অংশ নেওয়া ইকুয়েডর নিজেদের দ্বিতীয়বারের মতো নকআউট পর্বে পৌঁছানোর লক্ষ্য নিয়ে খেলছে। ফিলাডেলফিয়ার স্টেডিয়ামে উপস্থিত ৬৮ হাজার ২৭৪ দর্শকের বেশিরভাগই ইকুয়েডরের হলুদ জার্সি পরিহিত থাকায় ম্যাচটি অনেকটা তাদের ঘরের মাঠের আবহই তৈরি করেছিল।

দিয়ালোর গোলের আগে পর্যন্ত ইকুয়েডরই তুলনামূলকভাবে বেশি আত্মবিশ্বাসী ফুটবল খেলছিল। বিরতির পর তাদের সেরা সুযোগটি আসে ৬৮তম মিনিটে, যখন গনসালো প্লাতার দূরপাল্লার শক্তিশালী শট আইভরি কোস্টের গোলরক্ষক ইয়াহিয়া ফোফানা দুর্দান্তভাবে প্রতিহত করেন।

অন্যদিকে আইভরি কোস্টের আক্রমণে প্রাণ সঞ্চার করেন ইয়ান দিয়োমান্দে। ডান প্রান্ত দিয়ে তার একের পর এক আক্রমণ ইকুয়েডরের রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে তোলে। তার একটি জোরালো ক্রস থেকেই ওয়াহি গোলের খুব কাছে পৌঁছে গিয়েছিলেন।

বিশ্বকাপ বাছাইপর্বে ১০ ম্যাচে ৮ জয় ও ২ ড্র করে অপরাজিত থাকা আইভরি কোস্ট এবারও নিজেদের রক্ষণভাগের দৃঢ়তার প্রমাণ দিয়েছে। তারা টানা আরেকটি ম্যাচে প্রতিপক্ষকে গোল করতে দেয়নি।

গ্রুপের পরবর্তী ম্যাচে আইভরি কোস্ট মুখোমুখি হবে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির। একই দিনে জার্মানি ৭-১ ব্যবধানে কুরাসাওকে পরাজিত করেছে। অন্যদিকে ইকুয়েডর খেলবে কুরাসাওয়ের বিপক্ষে। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে ২০ জুন।

আরও খবর

Sponsered content