প্রতিনিধি ৭ নভেম্বর ২০২৬ , ১২:৫০:৪৮ প্রিন্ট সংস্করণ
অনির্দিষ্টকালের জন্য জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার অভিনয়শিল্পী সংঘ’র সদস্যপদ স্থগিত করা হয়েছে। সংগঠনের ফেসবুক পেজ থেকে গতকাল শুক্রবার রাতে প্রকাশিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সঙ্গে সামিয়া আক্তার অথৈ-এর সদস্যপদও স্থগিত করা হয়েছে।
গত ৪ অক্টোবর তানজিন নাহার তিশা ও অথৈর বরাবর পাঠানো পৃথক দুটি চিঠিতে সদস্যপদ স্থগিতের বিষয়টি উল্লেখ করা হয়। এতে স্বাক্ষর করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু ও সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মিঠু।
চিঠিতে বলা হয়েছে, গত ৭ জুলাই দুই অভিনেত্রীকে ‘সদস্যপদ স্থগিতকরণ’ সংক্রান্ত কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল। তবে ওই নোটিশের পরিপ্রেক্ষিতে তারা কোনো ধরনের জবাব সংগঠনের কার্যালয়ে জমা দেননি।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, তাদের এমন আচরণের পরিপ্রেক্ষিতে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সালিশ বা বিবাদ মীমাংসাকরণ বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের কার্যনির্বাহী পরিষদের নিয়মিত সভায় তাদের সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সিদ্ধান্তের বিষয়ে দু’জনকেই আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে সংগঠনটি। তবে ইতিমধ্যেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিশা। গতকাল রাতেই ফেসবুক লাইভে প্রায় ২৫ মিনিট কথা বলেন এই অভিনেত্রী।
বেশ কিছুদিন আগে তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলেন অভিনেত্রী সামিয়া অথৈ। এরপরই দুজনের ডাক পড়ে অভিনয় সংঘে। হয় দীর্ঘ সালিশ। তিশার কথায়, ‘আমাদের সম্মানিত ব্যক্তিরা বিচারক হিসেবে ছিলেন। প্রায় পাঁচ ঘণ্টা বসে পুরো ঘটনা নিয়ে আলোচনা হয়েছে। কেন, কী ঘটেছে, সবকিছু শোনা হয়েছে। সেই বৈঠকের নোটিশও আমার কাছে আছে, লিখিতভাবে আছে।’
সালিশ বৈঠকের সিদ্ধান্তের বিষয়েও কথা বলেন তিশা। তার ভাষ্য, ‘বলা হয়েছিল, আমরা দুজনই যেন ক্ষমা চেয়ে বিবৃতি দিই এবং একটি ভিডিওবার্তা পাঠাই। সে (সামিয়া অথৈ) ভিডিওটি দেয়নি। আমিও কোনো কারণে দিতে পারিনি। আমি নোটিশ অমান্য করেছি বলে আজ আমাকে সদস্যপদ স্থগিতের চিঠি পাঠানো হয়েছে। ঠিক আছে।’
অন্যদিকে, সদস্যপদ স্থগিত হওয়ায় তিশা লাইভে এসে প্রতিক্রিয়া জানলেও সামিয়া অথৈয়ের সাড়া শব্দ নেই। প্রতিক্রিয়া জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি শুটিংয়ে। এ ব্যাপারে পরে কথা বলব।’
বছর খানেক হলো তিশাকে ঘিরে চলছে নানা বিতর্ক। সেসব নিয়েও লাইভে কথা বলেছেন অভিনেত্রী। বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা প্রচারণা আমাদের সমালোচিত করে। আমরা যারা কাজ দিয়ে টিকে থাকতে চাই, তাদের জন্য সেটা কঠিন হয়ে পড়ে। একটা জায়গায় কাজ করতে গেলে অনেকের সঙ্গে মতের অমিল হতে পারে, ঝামেলাও হতে পারে। কিন্তু তার মানে এই নয় যে আমি আগে সামাজিক যোগাযোগমাধ্যমে গিয়ে সব বলে দেব কিংবা সাংবাদিকদের জানাব, যাতে কারও ক্যারিয়ারের ক্ষতি হয়।’
তিনি আরও বলেন, ‘গত এক বছরে অনেক কিছু দেখলাম, শাড়িকাণ্ডও দেখলাম। আজ হোক বা কাল, সবকিছু সবার সামনে আসবে। আমি শুধু সেই দিনের অপেক্ষায় আছি।’
বলা দরকার, মারধরের ঘটনাকে কেন্দ্র করে বিরোধ মেটাতে একাধিকবার উদ্যোগ নিয়েও সফল হয়নি অভিনয় শিল্পী সংঘ। এ কারণেই মূলত দুই অভিনেত্রীর সদস্যপদ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।















