বিনোদন

মৌসুমীও হতাশ

  প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:৩২:৫২ প্রিন্ট সংস্করণ

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মৌসুমী। স্টেজ শোয়ের পাশাপাশি সেখানে বেশ ক’টি বিজ্ঞাপন ও সিনেমার কাজ করেছেন। তারই একটি সৈয়দ আর ইমনের ‘অর্ধাঙ্গিনী’ সিনেমা। যুক্তরাষ্ট্রের পাশাপাশি বাংলাদেশেও সিনেমাটি মুক্তি দিতে চেয়েছিলেন নির্মাতা ও প্রযোজক। তবে দেশের হল মালিকদের কাছ থেকে তেমন কোনো ইতিবাচক সাড়া পাননি তিনি। তাই হতাশ হয়ে ইউটিউবে ‘অর্ধাঙ্গিনী’ মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা। বিষয়টি নিয়ে হতাশ মৌসুমী নিজেও।

নির্মাতা সৈয়দ আর ইমন বলেন, ‘পরিকল্পনা করেছিলাম ২০২৪ সালে সিনেমাটি মুক্তি দেওয়ার। তখন জুলাই গণঅভ্যুত্থান হয় এবং বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। তারপর নানা রকম জটিলতার কারণে আমাদের রিলিজ ডেট পেছাতে হয়েছে। যুক্তরাষ্ট্রেও আমরা হল পাচ্ছি না। ক’দিন পরই রোজা শুরু হবে। আমাদের স্পনসররা আর অপেক্ষা করতে চাইছে না। তাই সিদ্ধান্ত নিয়েছি সিনেমাটি হলে রিলিজ না করে সরাসরি ইউটিউবে রিলিজ করে দেব।’

নির্মাতা জানান, বাংলাদেশের পরিবেশকদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করলেও কোনো ইতিবাচক সাড়া পাননি তিনি। তাই ঈদের আগেই সিনেমাটি বিডিফিল্মস ইউএসএ নামের ইউটিউব চ্যানেলে মুক্তির পরিকল্পনা করা হচ্ছে। সামাজিক ও পারিবারিক গল্পে নির্মিত হয়েছে সিনেমাটি। এর গল্প এগিয়েছে মৌসুমীকে ঘিরেই। ‘অর্ধাঙ্গিনী’র শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও নিউ জার্সিতে।

সিনেমার শুটিং নিয়ে নির্মাতা বলেন, ‘সবাই অনেক কষ্ট করে শুটিং করেছেন। বিশেষ করে মৌসুমী আপা যুক্তরাষ্ট্রের শীতে অভ্যস্ত নন। তবু মাইনাস ১৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শাড়ি পরে ৮ ঘণ্টা পাহাড়ের ওপর প্রচণ্ড বাতাসে কীভাবে শুটিং করেছেন, তা ভেবে এখনো অবাক হই।’

আরও খবর

Sponsered content