প্রতিনিধি ১৭ জুন ২০২৬ , ১২:১৮:৫৯ প্রিন্ট সংস্করণ
বিশ্বকাপের মঞ্চে আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত শুরু করেছে আর্জেন্টিনা। দলের জয়ের নায়ক হয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি।
মেসির অনবদ্য পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন ফুটবলপ্রেমীদের পাশাপাশি ব্রাজিল সমর্থক কয়েকজন বাংলাদেশি তারকাও। সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রশংসায় সরব হয়েছেন তারা।
অভিনেত্রী শবনম বুবলী এক পোস্টে লিখেছেন, ‘এই মানুষটা এত অসাধারণ ফুটবল খেলেন কীভাবে? লিওনেল মেসি সত্যিকারের জাদুকর। দল যার যার হতে পারে, কিন্তু মেসি সবার।’
নির্মাতা কাজল আরেফিন অমিও মেসির প্রশংসা করে লিখেছেন, ‘ফুটবলের অন্যতম বিস্ময় লিওনেল মেসি। তাকে ছাপিয়ে যাওয়ার মতো কাউকে দেখা যায় না। আমরা সৌভাগ্যবান যে তার খেলা দেখার সুযোগ পাচ্ছি।’
অভিনেতা জিয়াউল হক পলাশের মন্তব্য, ‘হ্যাটট্রিক করে মেসি আবারও দেখিয়ে দিলেন কেন তাকে সর্বকালের সেরাদের একজন বলা হয়।’
ম্যাচের ১৭তম মিনিটে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি হলেও ব্যবধান আর বাড়াতে পারেনি দলটি। ফলে ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় আর্জেন্টিনা।
দ্বিতীয়ার্ধে ফিরে আক্রমণের ধার আরও বাড়ায় স্কালোনির দল। ম্যাচের ৬০তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন মেসি। এরপর ৭৬তম মিনিটে জালের দেখা পেয়ে পূর্ণ করেন হ্যাটট্রিক। তার দুর্দান্ত নৈপুণ্যে বড় জয় নিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।















