বিনোদন

শাকিল খানের দুর্দান্ত সাফল্য

  প্রতিনিধি ২১ ডিসেম্বর ২০২৫ , ২:৪০:৫৩ প্রিন্ট সংস্করণ

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়ক শাকিল খান। ১৯৯৪ সালে ঢালিউডে পদার্পণ করার পর ১৯৯৭ সালে মুক্তি পায় তার প্রথম সিনেমা ‘আমার ঘর এই বেহেশত’। এরপর অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। বর্তমানে এই অভিনেতা সিনেমা থেকে দূরে। তবে ব্যবসা নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

শাকিল খান তার অভিনয় জীবনের অন্যতম সেরা অর্জন হিসেবে সম্প্রতি দুটি বড় সম্মাননা অর্জন করেছেন। তিনি পেয়েছেন সিজেএফবি জুরি অ্যাওয়ার্ড ২০২৪ এবং বিসিআরএ অ্যাওয়ার্ড ২০২৫। উভয় ক্ষেত্রেই ‘শ্রেষ্ঠ অভিনেতা’ হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারের ধারাবাহিকতা, পরিণত অভিনয় এবং বহুমাত্রিক চরিত্রে তার সাফল্য এই দুই পুরস্কারের মাধ্যমে পুনরায় স্বীকৃতি পেলেন তিনি।

চলতি বছর ২৪তম সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ডস-এ সেরা অভিনেতার পুরস্কার দেওয়া হয়। দেশের বিনোদন সাংবাদিকদের সংগঠনটি ১৯৯৯ সাল থেকে টেলিভিশন, ওটিটি, সংগীত ও চলচ্চিত্রে অসামান্য অবদান রাখা শিল্পীদের সম্মান জানিয়ে আসছে।

পুরস্কার গ্রহণের পর শাকিল খান বলেন, ‘প্রতিটি পুরস্কার আমাকে আরও কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করে। দর্শকদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি।’

দ্বিতীয় পুরস্কারটি তিনি অর্জন করেন এ বছরের ৮ নভেম্বর। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ কালচারাল রিপোটার্স এসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে সাফল্যের ধারাবাহিক স্বীকৃতি পান শাকিল খান। এক বছরের ব্যবধানে দুটি জাতীয় পর্যায়ের সম্মাননা একজন অভিনেতার ক্যারিয়ারে বিরল সাফল্য হিসেবে গণ্য হয়।

ইন্ডাস্ট্রির অভিজ্ঞরা মনে করছেন, তার অভিনয়ের মান, পরিশ্রম ও চরিত্রায়নের বৈচিত্র্যই তাকে নতুনভাবে আলোচনার কেন্দ্রে এনেছে।

দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও কাজ করেছেন এই অভিনেতা। বাংলাদেশি চলচ্চিত্রের পাশাপাশি তিনি কাজ করেছেন ভারতীয় হিন্দি ভাষার চলচ্চিত্রেও।

 

আরও খবর

Sponsered content