সারাদেশ

কিশোরগঞ্জে বিদ্যালয়ের মাঠে অবৈধ মার্কেট নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

  কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: ১ মার্চ ২০২৬ , ১০:৩০:১৮ প্রিন্ট সংস্করণ

 

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা-তে একটি বিদ্যালয়ের মাঠে অবৈধভাবে মার্কেট নির্মাণের প্রতিবাদে শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন করেছে। এতে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা অংশগ্রহণ করেন।

রোববার (১ মার্চ) সকালে কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়-এর প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিদ্যালয়ের পরিবেশ ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট করে মাঠের ভেতরে অবৈধভাবে মার্কেট নির্মাণের কাজ চলছে। বিষয়টি বারবার জানানো হলেও বিদ্যালয় কর্তৃপক্ষ নির্মাণ কাজ বন্ধ করেনি। বক্তাদের দাবি, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শহিদুল ইসলামসহ কয়েকজন শিক্ষক পরস্পর যোগসাজশে এই অবৈধ নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। তারা অবিলম্বে নির্মাণকাজ বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বক্তারা আরও বলেন, এর আগে ২০২১ সালে একই স্থানে অবৈধভাবে মার্কেট নির্মাণের চেষ্টা করা হলে এলাকাবাসীর মানববন্ধনের মুখে সংশ্লিষ্টরা মুচলেকা দিয়ে কাজ বন্ধ করেছিলেন। কিন্তু সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে পুনরায় বিদ্যালয়ের মাঠ দখল করে নির্মাণকাজ শুরু করা হয়েছে।

উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান অভিযোগ করে বলেন, “বিদ্যালয়ে বর্তমানে নানা অনিয়ম ও দুর্নীতি চলছে। ভর্তি, মাসিক পরীক্ষা ও অন্যান্য কার্যক্রমে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। আমাদের সন্তানরা এখানে পড়াশোনা করলেও আমাদের কাছ থেকেই বেশি টাকা নেওয়া হয়। এছাড়া বিদ্যালয়ের মাঠে থাকা কয়েকটি ফলজ গাছ কেটে বিক্রি করা হয়েছে। বিদ্যালয়ের জায়গায় থাকা দোকানগুলোর জামানত ও ভাড়ার অর্থ তুলে নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করা হয়েছে।” তিনি দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আজম বলেন, “আমি আগামী ৩ তারিখে দায়িত্ব থেকে বিদায় নিচ্ছি। সহকারী প্রধান শিক্ষক ও আরও কয়েকজন শিক্ষক মিলে এই কাজটি করেছেন।”

অপরদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তানজিমা আঞ্জুম সোহানিয়া বলেন, “বিদ্যালয়ের মাঠে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

আরও খবর

Sponsered content