প্রতিনিধি ২৬ জানুয়ারি ২০২৬ , ১:৪৪:১০ প্রিন্ট সংস্করণ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ২০২৬ সেশনের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দর্শন বিভাগের ৪৭ব্যাচের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন ইংরেজি ৪৮ব্যাচের শিক্ষার্থী জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।
এখনো প্রকাশ করা হয়নি পূর্ণাঙ্গ কমিটি। তবে নবনির্বাচিত সভাপতি মোস্তাফিজুর রহমানের ছাত্রত্ব প্রায় এক বছর আগে শেষ হয়েছে।
আজ সোমবার সকালে শাখা ছাত্রশিবিরের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক হাফেজ আবু মুসার সঞ্চালনায় জাবি শাখার সদস্যদের নিয়ে অনুষ্ঠিত সদস্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। এ সময় ২০২৬ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচনের লক্ষ্যে কেন্দ্রীয় সভাপতির স্বাক্ষরিত ব্যালট পেপারে প্রত্যক্ষ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোটপ্রাপ্ত মোস্তাফিজুর রহমানকে সভাপতি হিসেবে ঘোষণা করেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। এ সময় তিনি নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান। পরবর্তীতে সদস্যদের পরামর্শক্রমে নবনির্বাচিত সভাপতি মোস্তাফিজুর রহমান শাখা সেক্রেটারি হিসেবে মাজহারুল ইসলামকে মনোনয়ন দেন। সমাবেশের শেষ পর্যায়ে নবনির্বাচিত সভাপতির দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
খোঁজ নিয়ে জানা যায়, শাখা ছাত্রশিবিরের নবনির্বাচিত সভাপতির নেই ছাত্রত্ব। গতবছরের শুরুতেই তিনি পড়াশুনার পাঠ শেষ করেছেন। আবার শাখা শিবিরের সভাপতি সেক্রেটারি ঘোষণা করা হলেও এখনো দেয়া হয়নি পূর্ণাঙ্গ কমিটি।
সার্বিক বিষয়ে জানতে চাইলে শাখা শিবিরের নবনির্বাচিত সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, আজ বাদ ফজর আমাদের নতুন কমিটির সভাপতি, সেক্রেটারি ঘোষিত হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি করতে কিছুটা সময় লাগবে। আমার এম.ফিলে ভর্তির পরিকল্পনা রয়েছে। ফলাফল প্রকাশ, নম্বরপত্র হাতে পেতে দেরি হওয়াসহ নানাবিধ কারণে ভর্তি হওয়া যায় নাই। ভর্তির সার্কুলার আসলেই ভর্তি হয়ে যাব।














