মো. সাদমান সাকিব দিশান, জবি প্রতিনিধি ২৯ মার্চ ২০২৬ , ১১:৩৭:৫০ প্রিন্ট সংস্করণ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন প্রক্টর হিসেবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি (ইউট্যাব) জবি শাখার সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
রবিবার (২৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এর আগে ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক নিজ আবেদনের পরিপ্রেক্ষিতে প্রক্টর পদ থেকে অব্যাহতি পান। তার অব্যাহতির পর সিন্ডিকেটের অনুমোদনক্রমে ড. মোহাম্মদ নাসির উদ্দিনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।
অফিস আদেশ অনুযায়ী, আগামী ৩০ মার্চ থেকে এ নিয়োগ কার্যকর হবে। একই সঙ্গে তিনি বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।




















