নাহিম মিয়া, স্টাফ রিপোর্টার (সিলেট) ২৫ নভেম্বর ২০২৫ , ৮:৪০:১১ প্রিন্ট সংস্করণ
সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ দেশের চার স্তরের শ্রেণিবিন্যাসে ‘এ’ ক্যাটাগরিতে স্থান পেয়েছে। শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত সর্বশেষ প্রজ্ঞাপনে দেখা যায়, দেশের ‘এ’ ক্যাটাগরির সরকারি কলেজগুলোর মধ্যে এমসি কলেজের অবস্থান ৮ম।
সরকারি কলেজগুলোর মানোন্নয়ন, সক্ষমতা ও সার্বিক কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে কলেজগুলোকে চার ক্যাটাগরিতে ভাগ করে এ তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
সোমবার (২৪ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-৫ শাখা থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, প্রশাসনিক প্রয়োজনের ভিত্তিতে দেশের সরকারি কলেজগুলোর চার স্তরের শ্রেণিবিন্যাস করা হয়েছে—
উচ্চমাধ্যমিক,
স্নাতক (পাস ও সাবসিডিয়ারি),
স্নাতক (সম্মান),
স্নাতকোত্তর পর্যায়ের বিভিন্ন সূচকের ওপর ভিত্তি করে।
প্রকাশিত তালিকা অনুযায়ী দেশের মোট ৭০৮টি সরকারি কলেজের মধ্যে:
৮১টি ‘এ’ ক্যাটাগরি,
৭৪টি ‘বি’ ক্যাটাগরি,
৪৪৬টি ‘সি’ ক্যাটাগরি,
১০৭টি ‘ডি’ ক্যাটাগরির আওতায় রয়েছে।
সিলেট এমসি কলেজের এ অর্জনকে শিক্ষাঙ্গনে ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে। শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা এ স্বীকৃতিতে সন্তোষ প্রকাশ করেছেন।




















