প্রতিনিধি ২৮ ডিসেম্বর ২০২৫ , ১১:৪৫:৩৫ প্রিন্ট সংস্করণ
বিপিএলে শুরুটা ভালো হয়েছে নাজমুল হোসেন শান্তর। তিনি রাজশাহী ওয়ারিয়র্সের নেতৃত্ব দিচ্ছেন। ব্যাট হাতে প্রথম ম্যাচে সেঞ্চুরি (১০১*) করেছেন শান্ত। দ্বিতীয় ম্যাচে তিনি ৩৭ রানের ইনিংস খেলেছেন। সামাজিক মাধ্যমে এ বাঁহাতিকে মাঝে মধ্যেই ট্রলের শিকার হতে হয়। অনেকেই তাকে ‘লর্ড’ বলে থাকেন। শান্ত তাদের জবাব দেওয়ার জন্য চলমান বিপিএলকে যেন বেছে নিয়েছেন। দুই ম্যাচে তিনি মোট ১৩৮ রান করেছেন। স্ট্রাইকরেট ১৫৬.৮১। প্রথম ম্যাচে ৬০ বলে ১০ চার ও ৫ ছক্কায় ১০১ রানে অপরাজিত থাকা শান্ত ম্যাচসেরার পুরস্কার পান। সিলেটে আজ নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ম্যাচ খেলবে রাজশাহী ওয়ারিয়র্স। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে গতকাল কথা বলেছেন রাজশাহীর সিনিয়র সহকারী কোচ রাজিন সালেহ। শান্তকে নিয়ে তিনি বলেন, ‘শান্ত আসলে তার যে স্বাভাবিক খেলাটা, তাকে নিয়ে যে সমালোচনা হয় সেটি নিতান্তই ভুল। শান্ত তা প্রমাণ করেছে। স্বাভাবিক ক্রিকেট খেলাটা খেলেছে ও, সে পারফর্ম করেছে।’ জয় দিয়ে বিপিএল শুরু করেছে রাজশাহী। সিলেটের বিপক্ষে তারা ৮ উইকেটে প্রথম ম্যাচ জিতেছিল। তবে দ্বিতীয় ম্যাচে সেই ছন্দ ধরে রাখতে পারেনি। ঢাকার কাছে হেরেছে ৫ উইকেটে। দুই ম্যাচেই ওপেনিং করেছেন তানজিদ তামিম। তবে নিজেকে মেলে ধরতে পারেননি। ১০ ও ২০ রানে আউট হয়েছেন। রাজিনের আশা তানজিদ পরের ম্যাচে জ্বলে উঠবেন। তিনি বলেন, ‘আমাদের টপ অর্ডারে একটু ধস নামছে। সেখান থেকে কিছু রান এলে আমাদের জন্য ভালো হতো। আমাদের এখানে তামিম আছে। অবশ্যই সে পারফরমার। সে পারফরম করবে। তার পারফরম্যান্স দেখতে উন্মুখ হয়ে আছি।’ রাজশাহী দলে আছেন আকবর আলী। তার নেতৃত্বে এনসিএল চার দিনের ক্রিকেট, টি-টোয়েন্টি ক্রিকেটÑ দুই টুর্নামেন্টই জিতেছে রংপুর। তবে চলতি বিপিএলে প্রথম দুই ম্যাচে একাদশে সুযোগ পাননি আকবর। রাজিন বলেন, ‘আমাদের যারা বেঞ্চে বসে আছে, প্রত্যেকটা ক্রিকেটারই পারফরমার। ঘরোয়া ক্রিকেটে সবাই পারফরমার। অবশ্যই আকবর আলী ভালো ক্রিকেটার। তবে সমন্বয়ের জন্য আমাদের যে রকম চিন্তাভাবনা করা হয়, সেভাবে আমাদের দল করা হয়। আমরা ক্রিকেটারের চিন্তা না করে দলের চিন্তা করি।’
সিলেটে প্রথম ম্যাচে ভালো দলীয় স্কোর দেখেছেন সমর্থকরা। সিলেটের ১৯০ রান ২ বল বাকি থাকতে টপকে যায় রাজশাহী। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কোর ছোট ছিল। রাজশাহী প্রথমে ব্যাটিং করে ৮ উইকেটে ১৩২ রান করেছিল। জবাবে ৭ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচটি জিতেছিল ঢাকা। রাজিনের মতে, উইকেট ভিন্ন আচরণ করেছে। তিনি বলেন, ‘প্রথম ম্যাচটার দিকে দেখুন। দুটা ইনিংসেই ভালো পারফরম্যান্স হয়েছে। উইকেট অনেক ভালো ছিল বলে ব্যাটিং ভালো হয়েছে। তবে দ্বিতীয় ম্যাচটায় আমি মনে করি না যে উইকেট ভালো ছিল। তবে যদি পরের দুটা ম্যাচই দেখেন, রান বেশি হয়নি।’
এদিকে বিপিএলের নবাগত দল নোয়াখালী এক্সপ্রেস টুর্নামেন্টে ভালো করতে পারছে না। প্রথম দুই ম্যাচেই তারা হেরেছে। তবে দলটির ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনের আশা, তারা ঘুরে দাঁড়াবেন। তিনি বলেন, ‘এখানকার কন্ডিশনে প্রথম ৩-৪ ওভার চ্যালেঞ্জিং। বল অনেক ভালো মুভ করে। সবাই হয়তো সেভাবে মানিয়ে নিতে পারেনি। নতুন ব্যাটারের জন্য খেলা কঠিন ছিল। আশা করি (নোয়াখালী) ভালোভাবে কামব্যাক (ফিরে আসবে) করবে।’ নোয়াখালী সবশেষ ম্যাচে হেরেছে সিলেটের কাছে একদম শেষ বলে। তারা প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৪৩ রান করেছিল। জবাবে ইনিংসের শেষ বলে ম্যাচটি ১ উইকেটে জিতে নিয়েছে সিলেট। অঙ্কন বলেন, ‘এই ম্যাচে সবসময় বিশ্বাস ছিল ভালো জুটির পর ভালো ব্রেক থ্রু এনে দিলে ভালো করতে পারব। কিছুটা দুর্ভাগ্য যে ম্যাচটা জিততে পারিনি।’ নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ না করায় পেনাল্টি হিসেবে শেষদিকে বৃত্তের ভেতরে নিয়ে আসতে হয় একজন ফিল্ডারকে। এটাই নোয়াখালীর বোলারদের কাজটা কঠিন করে তোলে বলে জানান অঙ্কন। তিনি বলেন, ‘আমরা ওভাররেটে পিছিয়ে ছিলাম, যে কারণে বাড়তি ফিল্ডার ভেতরে আনতে হয়েছে। বোলারের জন্যও কঠিন ছিল, শিশির ছিল, আমরা বিশ্বাস রেখেছিলাম জিততে পারব। তবে করতে পারিনি।’




















