প্রতিনিধি ১৩ জুলাই ২০২৬ , ১২:২৮:০০ প্রিন্ট সংস্করণ
যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ সোমবার। এ উপলক্ষে সকালে বনানীতে তার কবরে শ্রদ্ধা জানিয়েছেন পরিবারের সদস্য ও তারই হাতে গড়া প্রতিষ্ঠান যমুনা গ্রুপ, দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের কর্মকর্তারা।
এ সময় মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এদিন নুরুল ইসলামের পরিবারের পক্ষ থেকে কবর জিয়ারত ও দোয়া মোনাজাত করেন তার সহধর্মিনী যমুনা গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের প্রকাশক অ্যাডভোকেট সালমা ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম।
সকাল সোয়া ৯টায় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতার কবরে ফুলেল শ্রদ্ধা জানান দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আব্দুল হাই শিকদার, সাবেক সম্পাদক সাইফুল আলম, যুগান্তরের যুগ্ম-সম্পাদক বিএম জাহাঙ্গীর, যমুনা টেলিভিশনের হেড অব নিউজ তৌহিদুল ইসলাম প্রমুখ।
এ সময় যমুনা গ্রুপ, দৈনিক যুগান্তর ও যমুনা টিভির কর্মকর্তারা উপস্থিত থেকে প্রয়াত চেয়ারম্যানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।
নুরুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে যমুনা টেলিভিশন ভবনের নিচতলায় কুরআন খানি, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
প্রসঙ্গত, ২০২০ সালের ১৩ জুলাই চিরবিদায় নেন ১৯৭১-এর রণাঙ্গনের প্রথম সারির বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। নিজের মেধা, সততা, পরিশ্রম ও সাহসিকতার সঙ্গে একে একে ৪২টি শিল্পপ্রতিষ্ঠান গড়েছিলেন আপসহীন এই কর্মবীর।





















