প্রতিনিধি ১৯ এপ্রিল ২০২৬ , ১:১২:২৮ প্রিন্ট সংস্করণ
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত এক নারীর মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে যেকোনো এক সময় দুর্বৃত্তরা তার বাবার বাড়িতে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
জানা গেছে, নিহত ববিতা (২৭) আন্দুলবাড়িয়া ইউনিয়নের ডুমুরিয়া দক্ষিণ পাড়ার বাসিন্দা ও সানোয়ার হোসেনের মেয়ে।
এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, দুই সন্তানের জননী ববিতা স্বামী পরিত্যক্তা ছিলেন। তিনি তার দুই সন্তানকে নিয়ে বাবার বাড়িতেই বসবাস করতেন। সেখানেই তাকে কুপিয়ে জখম করা হয়।
এরপর গুরুতর আহত অবস্থায় স্বজনরা প্রথমে তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে কে বা কারা এই হামলার সঙ্গে জড়িত, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান শেখ সাংবাদিকদের জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে ও হাসপাতালে পৌঁছায়। আহত ববিতাকে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার মৃত্যুর খবর পাওয়া গেছে।
ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




















