সারাদেশ

দিনাজপুর জেলা প্রশাসকের আচরণে ক্ষুব্ধ এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম

  মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি: ২১ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:০৪:৩২ প্রিন্ট সংস্করণ

অমর একুশে ফেব্রুয়ারি ও মহান শহীদ দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে দিনাজপুর জেলা প্রশাসকের আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁর কর্মপরিকল্পনা তুলে ধরার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।

এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, আগে কে, সংসদ সদস্য না জেলা প্রশাসক? আপনারা এই বিষয়টি লিখেন, আমি দেখতে চাই আপনাদের লিখুনি। কিভাবে একজন জেলা প্রশাসক অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে দিনাজপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যান এবং মাইকে ঘোষণা দেন যে জেলা প্রশাসন প্রথমে যাবে?

তিনি আরও বলেন, আমি তার আচরণের প্রতিবাদ করেছি। তিনি যদি বলেন যে তিনি বিষয়টি জানেন না, তাহলে প্রশ্ন ওঠে তার মতো একজন ব্যক্তি কীভাবে জেলা প্রশাসকের দায়িত্বে আসীন হন?
এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা এই বিষয়গুলো লিখেন। আমি আপনাদের লেখনী দেখতে চাই।

উল্লেখ্য, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতি বছর রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে থাকেন। এ বছরের কর্মসূচিকে ঘিরে সৃষ্ট এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

এবিষয়ে জানার জন্য দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলামের সরকারি নাম্বারে কয়েকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

আরও খবর

Sponsered content