প্রতিনিধি ১১ আগস্ট ২০২৬ , ২:৩১:৪৫ প্রিন্ট সংস্করণ
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়নের মুকিমপুর গ্রামে পুরো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় কয়েক শ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে প্রতিহিংসামূলকভাবে পুরো গ্রামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।
তবে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের দাবি, নিরাপত্তাজনিত কারণেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ জুন মুকিমপুর গ্রামে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করার অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন করতে যান পল্লী বিদ্যুতের কয়েকজন কর্মচারী। এ সময় স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে তাঁদের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। পরে এ ঘটনায় পল্লী বিদ্যুতের পক্ষ থেকে খালিয়াজুরী থানায় একটি নিয়মিত মামলা করা হয়।
এলাকাবাসীর অভিযোগ, মামলা হওয়ার পরদিন ২৭ জুন পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীরা মুকিমপুর গ্রামের সাতটি মিটার খুলে নিয়ে যান এবং পুরো গ্রামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
গ্রামবাসী জানান, দীর্ঘদিন ধরে বিদ্যুৎ না থাকায় তাঁদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হওয়ার পাশাপাশি শিশু, বৃদ্ধ ও গর্ভবতী নারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয়দের দাবি, বকেয়া বিলের কারণে কোনো নির্দিষ্ট গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়টি আলাদা। কিন্তু কয়েকজনের সঙ্গে সৃষ্ট বিরোধের কারণে পুরো গ্রামের মানুষকে বিদ্যুৎবঞ্চিত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এ বিষয়ে খালিয়াজুরী পল্লী বিদ্যুতের এজিএম মো. জিল্লুর রহমান বলেন, ‘নিরাপত্তাজনিত কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। যারা অপরাধ করেছে, তাদের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তবে পুরো গ্রামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের বিষয়টি নিয়ে আগামীকাল জেলা অফিসে মিটিং রয়েছে। মিটিং শেষে সংশ্লিষ্ট গ্রামে গিয়ে বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
মুকিমপুর গ্রামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের বিষয়ে খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান বলেন, ‘মুকিমপুর গ্রামের বিষয়টি আমাকে কেউ জানায়নি। আপনার মাধ্যমেই প্রথম জানতে পারলাম। বকেয়া বিলের কারণে সংযোগ বিচ্ছিন্ন করা হলে সেটি আলাদা বিষয়। তবে কয়েকজনের সঙ্গে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে পুরো গ্রামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা কোনোভাবেই সমীচীন নয়।’
তিনি আরও বলেন, ‘আমি আজই এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করব।’





















